ঢাকা অফিস।।
দায়িত্ব পালনের ক্ষেত্রে অকুতোভয় অবদান, বীরত্ব বা সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ চার ক্যাটাগরিতে পদক পাচ্ছেন কোস্টগার্ডের ৪০ জন সদস্য।
গত রোববার (১ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে পদকের জন্য মনোনীতদের তালিকার প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী ১০ জনকে বাংলাদেশ কোস্টগার্ড পদক (বিসিজিএম) ও ১০ জনকে প্রেসিডেন্ট কোস্টগার্ড পদক (পিসিজিএম) এবং গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য ১০ জনকে বাংলাদেশ কোস্টগার্ড পদক-সেবা (বিসিজিএমএস) দেওয়া হবে। এছাড়া ১০ জন পাবেন প্রেসিডেন্ট কোস্ট গার্ড পদক-সেবা (পিসিজিএমএস)।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২০২২ সালের ২২ ফেব্রুয়ারির প্রজ্ঞাপন অনুযায়ী পদক প্রাপ্তরা এ পদক, নগদ এককালীন অনুদান ও মাসিক ভাতা বেতনের সঙ্গে পাবেন বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।











































