মাগুরা প্রতিনিধি ।।
মাগুরার বিভিন্ন হোটেলে বিক্রির জন্য প্রস্তুত প্রায় ৪শ কেজি ওজনের ৫শ মরা মুরগির মাংস উদ্ধার করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
অবৈধ এ ব্যবসায়ে জড়িত থাকার দায়ে রফিকুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে ১ মাসের সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকার জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মাগুরা পৌরসভার স্যানিটারি ইনস্পেক্টর কামরুজ্জামান জানান, শহরের পৌর এলাকার বিভিন্ন বাজারেগুলোতে নিয়মিত তদারকি সত্ত্বেও কিছু ব্যবসায়ী গোপনে স্বাস্থ্যকর নয় এমন মুরগি বিক্রি করে আসছিল। সেটি জানতে পেরে বুধবার বাজারগুলোতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। এ সময় শহরের আতর আলি সড়কের পুরাতন বাজারে অভিযান চালানো হলে সেখানে রফিকুল ইসলাম নামে একজন মুরগি ব্যবসায়ীর ঘর থেকে বিভিন্ন হোটেলে পাঠানোর জন্যে প্রস্তুতকৃত প্রায় ৪শ কেজি মৃত মুরগির মাংস উদ্ধার করা হয়। পরে পৌরসভার ডাম্পিং স্টেশনে সেগুলো বিনষ্ট করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার অভি দাস বলেন, মাগুরা শহরের নিজনান্দুয়ালী গ্রামের মুরগি ব্যবসায়ী রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে এ কাজের সঙ্গে জড়িত। তিনি বিভিন্ন এলাকা থেকে এসব মৃত ও অসুস্থ মুরগি সংগ্রহের পর শহরের হোটেলগুলোতে সরবরাহ করে আসছিলেন। বিষয়টি জানার পর ওই ব্যবসায়ীকে আটক করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
ওই ব্যবসায়ীর কাছ থেকে সংগৃহীত মাংস রান্নার পর হোটেলে বিক্রির সঙ্গে জড়িত মালিকদেরও আটকের চেষ্টা চলছে বলে ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে।











































