বিশেষ প্রতিনিধি ॥
নাশকতার আশংকা ও বিস্ফোরক আইনে ১১ জনকে আটক করেছে ঝিনাইদহ কালীগঞ্জের থানা পুলিশ। তাদেরকে শনিবার রাতে উপজেলার বিভিন্ন স্থান থেকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- উপজেলার ফয়লা এলাকার খবির উদ্দিনের ছেলে ফিরোজ কবির, আড়পাড়া এলাকার আলম হোসেনের ছেলে আশিক হোসাইন, একই এলাকার শেখ আব্দুল মজিদের ছেলে জামাল উদ্দিন, বানুড়িয়া এলাকার ইসমাইল হোসেনের ছেলে শফিকুল ইসলাম, রাড়ীপাড়া এলাকার ইকরাম শেখের ছেলে তরিকুল ইসলাম, সুবর্ণসারা এলাকার নিজাম উদ্দিনের ছেলে মহিন উদ্দিন, একই এলাকার আনছার বিশ^াসের ছেলে রমজান আলী, রামচন্দ্রপুর এলাকার গোলাম নবীর ছেলে রিপন মোল্যা, বড় ধোপাদী এলাকার মোস্তফা মোল্যার ছেলে মো: রাসেল হোসেন, কুল্যাপাড়া এলাকার হেদায়েত মোল্যার ছেলে আমানত আলী মোল্যা ও ঝনঝনিয়া এলাকার মোশারফ হোসেনের ছেলে তানজীল হোসেন। এরমধ্যে আশিক হোসাইন সরকারি মাহতাব উদ্দিন কলেজের এইচএসসি বিএম শাখার পরীক্ষার্থী ও আমানত আলী মোল্যা জনতা ব্যাংকের কর্মচারী রয়েছেন।
জানা গেছে, গত ৪ ডিসেম্বর উপজেলার বারবাজার ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ের সামনে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় ৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৪০/৫০ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম। আটককৃত ১১ জনকে এই মামলার আসামি হিসেবে আদালতে প্রেরণ করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই সেকেন্দার আবু জাফর জানান, বারবাজার ইউনিয়ন আওয়ামী লীগের অফিস লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ হওয়ার ঘটনায় ৭ জনের নাম উল্লেখ ও ৪০/৫০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের হয়। এ মামলার এজাহারভুক্ত ৭ আসামি হাইকোর্ট থেকে জামিন নিয়েছেন। শনিবার রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে ১১ জনকে আটক করে ওই মামলায় চালান দেওয়া হয়েছে। এ পর্যন্ত এই মামলায় ২০ জনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।
আশিক হোসেন এইচএসসি বিএম শাখার পরীক্ষার্থী কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বোর্ড পরীক্ষা না সে কলেজের সাপ্তাহিক পরীক্ষা দিয়েছে। সে পৌরসভার ৭নং ওয়ার্ড ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও ব্যাংকের কর্মচারী আমানত আলী মোল্যা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি। এজন্য তাদেরকে আটক করা হয়েছে।
সরকারি মাহতাব উদ্দিন কলেজের বিএম শাখার শিক্ষক আব্দুল লতিফ জানান, বিএম শাখার ১ম বর্ষের শিক্ষার্থীদের কারিগরী বোর্ডের অধীনে বাস্তব প্রশিক্ষণ পরীক্ষা চলমান রয়েছে। এ পরীক্ষা ৪ সপ্তাহ চলে। এরমধ্যে ২ সপ্তাহ শেষ হয়েছে।
এইচএসসি পরীক্ষার্থী আশিক হোসাইনের বাবা আলম হোসেন জানান, তিনি ট্রাক চালক। অনেক কষ্টে ছেলের লেখাপড়া শেখানোর খরচ চালান। তার ছেলে এইচএসসি পরীক্ষার্থী। ছেলে বাড়িতে ঘুমিয়ে ছিল। রাত ১ টার দিকে পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায়।
ব্যাংক কর্মচারী আমানত আলী মোল্যার ছেলে ফরহাদ হোসেন জানান, তার বাবা ব্যাংকে চাকরি করেন। প্রতিদিনের মতো রাতে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ গভীর রাতে পুলিশ এসে ঘুম থেকে ডেকে নিয়ে তাকে গাড়িতে উঠিয়ে নিয়ে চলে যায়। এ সময় যেতে অস্বীকৃতি জানালে সে ব্যাংক থেকে টাকা লুট করেছে এমন অভিযোগের ভিত্তিতে থানায় নিয়ে আসে।
এদিকে জেলায় বিএনপি ও জামায়াতের ৩৯ নেতা কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে জেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, নাশকতার পরিকল্পনা করা হচ্ছে এমন সংবাদের ভিডিও জেলার বিভিন্ন স্থানে অভিযান চালায় তারা। এসময় ঝিনাইদহ সদর উপজেলা থেকে ১৩ জন, কালীগঞ্জ থেকে ১১ জন, মহেশপুর থেকে ৭ জন, কোটচাঁদপুর থেকে ৫ জন ও হরিণাকুন্ডু থেকে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নাশকতা ও বিস্ফোরক আইনে মামলা অছে বলে জানায় পুলিশ। বিকেলে তাদেরকে আদালতে পাঠানো হয়।











































