Home আঞ্চলিক আমনের বাম্পার ফলন: দাকোপে উফসি ব্রি ৮৭ ধান চাষে কৃষককের আগ্রহ বাড়ছে

আমনের বাম্পার ফলন: দাকোপে উফসি ব্রি ৮৭ ধান চাষে কৃষককের আগ্রহ বাড়ছে

9

 

দাকোপ (খুলনা) প্রতিনিধি।।

বৃষ্টিপাত কম হওয়ায় এবং প্রচন্ড খরার কারণে খুলনার দাকোপে আমন ধান চাষে বিলম্ব হলেও ফলন হয়েছে বাম্পার। সবচেয়ে ভালো ফলন হয়েছে উফসি ব্রি ধান ৮৭ জাতের। উচ্চ ফলনশীল আগাম জাতের এ ধানের ফলন অনেক বেশি পাওয়ায় প্রতি মৌসুমে এ আবাদে এলাকার কৃষককের আগ্রহ ব্যাপক ভাবে বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশ ধান গবেষনা ইনস্টিটিউটের সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগ গাজীপুরের সহযোগীতায় উপকূলীয় এলাকায় জলাবদ্ধ জমিতে উৎপাদনশীলতা ও ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় কৃষকরা এ আবাদ করছেন।

উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে মোট আমন ধানের চাষ হয়েছে ১৮ হাজার ৯১৭ হেক্টর জমিতে। এর মধ্যে উপসি ১৬ হাজার ২৯০ হেক্টর ও স্থানীয় জাত ২ হাজার ৬২৭ হেক্টর। প্রকল্পের মাঠ কর্মি শরিফুল ইসলাম জানান, দেশের অন্যান্য জেলার ন্যায় উফসি জাতের মধ্যে ব্রি ধান ৮৭ জাতের ধানের আবাদ বেড়ে এবছর উপজেলার পানখালী, কাটাবুনিয়া, আনন্দনগর, খোনা, খাটাইল ও তিলডাঙ্গা এলাকায় ধান গবেষনা ইনস্টিটিউটের সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগের সহযোগীতায় চাষ হয়েছে ৬০০ বিঘা জমিতে। এছাড়া পাশর্^বর্তী বটিয়াঘাটা উপজেলার বিভিন্ন এলাকায়ও ৪০০ বিঘা জমিতে। মোট দুইটি উপজেলায় ১ হাজার বিঘা জমিতে এ ধানের আবাদ হয়েছে। এছাড়াও কৃষকরা উফসি ব্রি ধান ৮৭, ৭৬, ৪৯, ৩০, বি আর ২৩, ১০, ১১ সহ অন্যান্য জাতের ধান চাষ করেছেন। জানা গেছে, ২০১৯ সনে পরীক্ষা মূলক ভাবে প্রথম অল্প কিছু জমিতে উপজেলার পানখালী এলাকার কৃষক ভবেশ তরফদার ব্রি-৮৭ জাতের ধান চাষ শুরু করেন। তার ফলন দেখে পরবর্তীতে আশে পাশে এ ধানের আবাদ ছড়িয়ে পড়ে।

খোনা এলাকার কৃষক রামেল মোল্যা জানান, এবছর তিনি তার ৯ বিঘা জমিতে ব্রি ধান ৮৭ জাতের চাষ করেছেন। কয়েক দিন আগে তার ধান কাটা শেষ হয়েছে। প্রতি ৩৩ শতকের বিঘায় তিনি ১৮ থেকে ২০ মন ধান পেয়েছেন। এখন তিনি তরমুজ, বোরো ধান, ও আলু চাষ শুরু করেছেন। উচ্চ ফলনশীল আগাম জাতের এ ধানের ফলন অনেক বেশি পাওয়ায় প্রতি মৌসুমে এ ধানের আবাদে এলাকার কৃষককের আগ্রহ ব্যাপক ভাবে বৃদ্ধি পাচ্ছে বলে তিনি জানান।

বটিয়াঘাটা উপজেলার বটিয়াঘাটা এলাকার কৃষক শিবপদ মন্ডল বলেন, ধান গবেষনা ইনস্টিটিউটের সহযোগিতায় তিনি ৫০ শতকের ১ বিঘা জমিতে ব্রি ৮৭ জাতের ধানের চাষ করেছেন। এ বছর বৃষ্টি কম হওয়ায় এবং প্রচন্ড খরায় ধানের চারা রোপন অনেকটাই বেশি সময় লেগেছে। তাছাড়া শ্রমিক ও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে জমি চাষ করতে খরচও বেশি হয়েছে। তারপরও এ ধানের আবাদে তিনি বাম্পার ফলন পেয়েছেন অর্থাৎ ১ বিঘা জমিতে ৩৪ মন ধান পেয়েছেন। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৪০ হাজার টাকা। তার আশে পাশে যে সব কৃষকরা এ জাতের ধানের চাষ করেছেন তারা সবাই ভালো ফলন পেয়েছে বলে তিনি জানান।

এবিষয়ে উপজেলা সিনিয়র কৃষি কর্মকর্তা মোঃ মেহেদী হাসান খান জানান, এই উপজেলায় অধিকাংশ মাঝারি এবং নীচু জমি। ব্রি ৮৭ উচু, ব্রি ৭৬ নীচু জমির ধান এবং ফলনও হয় ভালো। ৮৭, ৭৬ সহ অন্যান্য জাতের ফলনও ভালো হয়েছে। তিনি সব সময়ে উচ্চ ফলনশীল জাতের ধান চাষে কৃষকদের উৎসাহ দিয়ে আসছেন বলে জানান।

এব্যাপারে ব্রি সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগের প্রধান গবেষক ড. মোঃ মনিরুজ্জামান বলেন, উপকূলীয় এলাকায় জলাবদ্ধ জমিতে উফশী জাতের ধান চাষ করে জমির উৎপাদনশীলতা ও ফসল বৃদ্ধি করা সম্ভব। পানি কম গভীরতা জমিতে ব্রি ধান ৮৭ বেশি গভীরতা জমিতে ব্রি ধান ৭৬ চাষে সফল। এছাড়া স্থানীয় জাতের তুলনায় উফশীর ফলনও হেক্টর প্রতি এক থেকে দেড় টন বেশি পাওয়া যায় এবং ফসলও ২০ থেকে ২৫ দিন আগে ধান কাটা যায়। এবছর মাঠে ফলন দেখে আগামী আমন মৌসুমে উক্ত জাত দুটি চাষের জন্য এলাকার কৃষকদের মাঝে আরো বিপুল আগ্রহ বাড়বে। এতে কৃষকদের জমির উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে এবং জমির ফসল অনেক আগে কাটার ফলে সঠিক সময়ে রবি ফসলের চাষ বা পানির প্রাপ্যতা সাপেক্ষে বোরো ধানের আবাদের মাধ্যমে ফসলের নিবিড়তা বৃদ্ধি পাবে বলে তিনি মনে করেন।