Home আঞ্চলিক ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

16

গোপালগঞ্জ প্রতিনিধি।।

গোপালগঞ্জের কাশিয়ানীতে ব্যাটারিচালিত ইজিবাইক ও মোটরসাইকেলের সংঘর্ষে ছিব্বির মোল্লা হৃদয় (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে।

শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরে কাশিয়ানী উপজেলার সাজাইল-কাশিয়ানী সড়কের সাজাইল ইউনিয়নের রাতকান্দি গ্রামে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।

কাশিয়ানী থানার উপ-পরিদর্শক (এসআই) ইরানুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত হৃদয় মোল্লা উপজেলার সাজাইল ইউনিয়নের রাইতকান্দি গ্রামের মনির মোল্লার ছেলে। তার সাজাইল গোপীমোহন উচ্চ বিদ্যালয় থেকে ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করার কথা ছিল।

কাশিয়ানী থানার উপ-পরিদর্শক (এসআই) ইরানুল ইসলাম জানিয়েছেন, দুপুরে এসএসসি পরীক্ষার্থী ছিব্বির মোল্লা হৃদয় মোটরসাইকেলে করে হরিদাসপুর সর্দার পাড়া থেকে সাজাইল বাজারের দিকে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত একটি ইজিবাইকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হলে তিনি মারাত্মক আহত হন। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হৃদয়কে মৃত ঘোষণা করেন।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই ওই এসএসসি পরীক্ষার্থীর মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।