Home আঞ্চলিক গোডাউনে ঢুকে গেল যাত্রীবাহী বাস, আহত ১০

গোডাউনে ঢুকে গেল যাত্রীবাহী বাস, আহত ১০

9

মনিরামপুর (যশোর) প্রতিনিধি।।
যশোরের মনিরামপুরে এবার নিয়ন্ত্রণ হারিয়ে গোডাউনের মধ্যে ঢুকে পড়ল ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন। রোববার বিকেল সাড়ে চারটার দিকে যশোর-সাতক্ষীরা মহাসড়কের মনিরামপুরের জালঝাড়া মোড়ের সেভেন স্টার ব্রিকসের পাশে এ ঘটনা ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মী এবং স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। এর মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন, মনিরামপুর সদর ইউনিয়নের জালঝাড়া গ্রামের ব্যবসায়ী নুরুল ইসলাম ও তার স্ত্রী হাবিবা খাতুন, সাতক্ষীরার তালা উপজেলার রাশেদ হোসেন এবং খুলনার পাইকগাছা উপজেলার শাহাদাত হোসেন।

রোববার সকালে ঢাকা থেকে যাত্রীবাহী এসডি পরিবহনের একটি বাস পাইকগাছার উদ্দেশে রওনা হয়। বিকেল সাড়ে চারটার দিকে মনিরামপুরের জালঝাড়া মোড়ের সেভেন স্টার ব্রিকসের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি গোডাউনের ভেতর ঢুকে যায়।

প্রত্যক্ষদর্শী মহসিন আলী জানান, সামনে থেকে আসা একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় বাসটি।

আরেক প্রত্যক্ষদর্শী আব্দুল মোমিন জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে উদ্ধারকাজে অংশ নেন। পাইকগাছার শাহাদাত হোসেন ও তালা উপজেলার রাশেদ নামে দুইজনকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

মনিরামপুর ফায়ার সার্ভিসের সেকেন্ড অফিসার আবু আহসান জানান, তারা এসে দুইজনকে উদ্ধার করেন। বাকিদের আগেই স্থানীয়রা উদ্ধারের পর বিভিন্ন হাসপাতালে পাঠান।

চালককে আটক করা সম্ভব হয়নি উল্লেখ করে থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মনিরুজ্জামান জানান, দুর্ঘটনার ব্যাপারে কেউ থানায় লিখিত আভিযোগ করেননি। তবে কোচটি পুলিশের হেফাজতে আছে।

উল্লেখ্য, গত ২৫ নভেম্বর সকাল সাতটার দিকে বেগারিতলা বাজারে একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সারিবদ্ধ ১০টি দোকানের মধ্যে ঢুকে পড়ে। এতে বাবা-ছেলেসহ নিহত হন পাঁচজন।