স্টাফ রিপোর্টার।।
খুলনায় প্রকাশ্য কর্মকাণ্ড কম থাকলেও গোপনে সংগঠিত হচ্ছে জামায়াতে ইসলামী। অনলাইন প্লাটফর্মে যোগাযোগ, স্বল্প পরিসরে কেন্দ্রীয় কর্মসূচি পালনের পাশাপাশি নিয়মিত কমিটি গঠন ও দলকে শক্তিশালী করতে নিয়মিত চলছে কার্যক্রম। বিশেষ করে ‘চাপের মধ্যেও’ থেমে নেই তাদের কর্মী সংগ্রহ। বিগত কয়েক বছরের তুলনায় চলতি বছর মামলা ও নেতাকর্মী আটক তুলনামূলক কম হওয়ার সুযোগ কাজে লাগাচ্ছে দলটি।
জামায়াতের নেতাকর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, পরিবর্তিত পরিস্থিতিতে কৌশল পরিবর্তন করেছেন তাঁরা। এখন প্রকাশ্য কর্মকাণ্ডের তুলনায় গোপনীয়তার মধ্য দিয়েই চলে বেশিরভাগ কার্যক্রম। কেন্দ্রীয় কর্মসূচি পালন কিংবা দলীয় সভার বিষয়টি আগে থেকে জানানো হয় না গণমাধ্যমকে। মোবাইল ফোনের পরিবর্তে দলীয় কর্মসূচির বিষয়টি নেতাকর্মীকে জানানো হয় ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারের মাধ্যমে।
দলীয় সভাগুলো করা হয় জামায়াত নেতাদের মালিকানাধীন প্রতিষ্ঠান অথবা দলের নেতাদের বাড়িতে।
এ ছাড়া সভা করা হয় স্বল্প সময়ের জন্য। দ্রুত সভা শেষ করে স্থান ত্যাগ করেন নেতাকর্মীরা। নগরীর পরিচিত হোটেল-রেস্টুরেন্টে এখন আর কোনো প্রোগ্রাম আয়োজন করে না জামায়াত। আগের মতো এখন আর সংবাদ বিজ্ঞপ্তিও পাঠানো হয় না গণমাধ্যমে।
তাঁরা জানান, অন্যান্য বছরের তুলনায় চলতি বছর খুলনায় জামায়াত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে তুলনামূলক কম, আটকের সংখ্যাও কম। তবে বিএনপি নেতাকর্মীর অনেকে বাড়ির বাইরে রাতযাপন কিংবা পালিয়ে বেড়ালেও জামায়াতের বেশিরভাগ নেতাকর্মী নিজ বাড়িতেই থাকছেন। সক্রিয় রয়েছেন দলের নারী কর্মীরাও।
জামায়াতের তথ্য অনুযায়ী, নগরীতে চলতি বছর তাদের নেতাকর্মীর বিরুদ্ধে চার-পাঁচটি মামলা এবং বিভিন্ন মামলায় ১৫-২০ জন আটক হয়েছে। তবে জেলার ৯ উপজেলায় কোনো মামলা হয়নি, তেমন কেউ আটকও হয়নি।
দলীয় সূত্রে জানা গেছে, গত ৩ ডিসেম্বর জামায়াত নেতা মাহফুজুর রহমানকে আমির ও জাহাঙ্গীর হোসাইন হেলালকে সেক্রেটারি করে মহানগর জামায়াতের ২০২৩-২০২৪ সালের কমিটি গঠন করা হয়। নগরীর থানায় থানায় রয়েছে দলটির হালনাগাদ কমিটি।
মহানগর জামায়াতের বিদায়ী আমির মাওলানা আবুল কালাম আজাদ সম্প্রতি কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য হয়েছেন। এ ছাড়া চলতি মাসে আবারও দলটির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল হয়েছেন খুলনার শিরোমনি এলাকার বাসিন্দা এবং খুলনা-৫ আসনের সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।
এ ব্যাপারে মহানগর জামায়াতের সেক্রেটারি জাহাঙ্গীর হোসাইন হেলাল বলেন, কেন্দ্রীয় কর্মসূচি পালন, সামাজিক কর্মকাণ্ড, শীতবস্ত্র বিতরণসহ বছরজুড়েই তাঁরা বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছেন। সম্প্রতি ১৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি অনুমোদনের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে প্রস্তাবনা পাঠানো হয়েছে।
তিনি বলেন, ‘স্বাভাবিক পরিবেশ’ না থাকায় কেন্দ্র ঘোষিত কর্মসূচি যতটা সম্ভব করা যায়, তা করছেন। আগে থেকে ঘোষণা দিয়ে তাঁরা করতে পারছেন না। কোনো একটি স্থান নির্ধারণ করে সেখানে অনুষ্ঠান করে দ্রুত তাঁরা স্থান ত্যাগ করেন। চাপের মধ্য দিয়েই তাঁদের চলতে হচ্ছে।
এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘প্রতিকূল পরিস্থিতির’ মধ্যেও কর্মী বাড়ানোর জন্য দাওয়াত দেওয়ার কার্যক্রম বছরজুড়েই চলমান। আগামী জাতীয় সংসদ নির্বাচনকেন্দ্রিক প্রস্তুতিও আছে।
এদিকে আগে জেলা জামায়াতের উত্তর ও দক্ষিণ কমিটি ছিল। বর্তমানে জেলায় একটি কমিটি, এই কমিটির আমির হলেন ইমরান হোসাইন ও সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান।
জেলা জামায়াতের আমির ইমরান হোসাইন বলেন, স্বাভাবিকভাবে দলীয় কর্মকাণ্ড করতে না পারলেও তাঁরা সক্রিয় আছেন। সামাজিক কর্মকাণ্ড, অনলাইনে প্রোগ্রামের পাশাপাশি তাঁরা কর্মী বাড়ানোর কাজ করছেন।
অন্যদিকে জামায়াতের অঙ্গসংগঠন ছাত্রশিবির ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মকাণ্ডও থেমে নেই।











































