Home খেলাধুলা জাপানকে টাইব্রেকারে হারিয়ে শেষ আটে ক্রোয়েশিয়া

জাপানকে টাইব্রেকারে হারিয়ে শেষ আটে ক্রোয়েশিয়া

9

ক্রীড়া ডেস্ক।।

মরুর বুকে জাপানের স্বপ্নভঙ্গ। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠা হল না সূর্যোদয়ের দেশের। ম্যাচের শুরুতে গোল করে এগিয়ে গিয়েছিল জাপান। দ্বিতীয়ার্ধে গোল শোধ করে ক্রোয়েশিয়া। নির্ধারিত সময়ে খেলার ফল ১-১ থাকায় অতিরিক্ত সময়ে গড়াল ম্যাচ। সেখানেও গোল হল না।

অবশেষে টাইব্রেকারে জাপানকে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠল ক্রোয়েশিয়া। বিশ্বকাপে আশা জাগিয়েও ছিটকে এশিয়ার জায়েন্ট।

টাইব্রেকারে জাপানের তিনটি শট বাঁচিয়ে দেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক ইভাকোভিচ। টাইব্রেকারে ক্রোয়েশিয়ার পক্ষে ফল ৩-১।

ক্রোয়েশিয়ার বিপক্ষে জাপান ৪-৩-৩ ফরমেশনে শুরু করল ম্যাচটা। আক্রমনাত্মক মানসিকতার পরিচয়। ইটো, এন্ড, কামাডা প্রথম থেকেই চাপ তৈরি করছিলেন ক্রোয়েশিয়ার ডিফেন্সে। দু মিনিটের মাথায় সুযোগ হয়েছিল জাপান।

প্রথমার্ধে লুকা মড্রিচ, পেরিসিচদের খুঁজে পাওয়া যায়নি। পুরোটাই ছিল জাপানের কর্তৃত্ব। ৪৩ মিনিটে পরিশ্রমের ফল পেল জাপান। দোয়ানের ক্রস থেকে মাইদা বুদ্ধিদীপ্ত ফিনিশ করলেন। ক্রোয়েশিয়া একটি সুযোগ পেয়েছিল বটে, কিন্তু ফিনিশ করতে পারেনি তাদের স্ট্রাইকার।

বিরতি থেকে ফিরে ৫৬ মিনিটে গোল শোধ করে ক্রোয়েশিয়া। হেডে সমতা ফেরান ইভান পেরিসিচ। এই নিয়ে বিশ্বকাপে ৬ গোল করে ক্রোয়েশিয়ার কিংবদন্তি সুকেরকে স্পর্শ করলেন তিনি। ৬৪ মিনিটে মাইডার পরিবর্তে আসানোকে নিয়ে আসে জাপান। পেটকোভিচকে তুলে নিয়ে স্ট্রাইকারে বুদিমিরকে নামায় ক্রোয়েশিয়া।

তবে ৯০ মিনিট পর্যন্ত কেউ জয়সূচক গোল করতে না পারায় প্রথমবার এই বিশ্বকাপে খেলা গড়াল অতিরিক্ত সময়। তবে এই সময় খেলায় ফিরে এসেছিল ক্রোয়েশিয়া। কিন্তু অতিরিক্ত সময়ের প্রথমার্ধে মিতোমার দুর্দান্ত শট বাঁচিয়ে দেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক।

অতিরিক্ত সময়ের দ্বিতীয় ১৫ মিনিটেও গোল হল না। ম্যাচ চলে গেল টাইব্রেকারে। দেখার ছিল জাপানের গোলরক্ষক গন্ডা নাকি ক্রোয়েশিয়ার গোলরক্ষক ইভাকোভিচ- কে বাজিমাত করেন। মিনামিনোর প্রথম শট সেভ হয়ে গেল। কিন্তু টাইব্রেকারে ক্রোয়েশিয়ার জয়ের নায়ক ইভাকোভিচ। জাপানের তিনটি শট বাঁচিয়ে দেন।