বিশেষ প্রতিনিধি ॥
খেলতে গিয়ে পড়ে হাত ভেঙ্গে শিশু সাব্বিরের। এরপর দিনমজুর বাবা টাকার অভাবে নিয়ে যান কবিরাজ বাড়িতে। সেখান থেকে প্রায় ৩ সপ্তাহ কবিরাজি চিকিৎসা নিয়ে হাতে পঁচন ধরেছে। এখনই উন্নত চিকিৎসা না করাতে পারলে হাতটি কেটে জীবন বাঁচাতে হবে। এমন অবস্থায় অবুঝ শিশুটির প্রতিবন্ধিত্ব থেকে বাঁচাতে অত্যন্ত অসহায় হয়ে পড়েছে বাবা নির্মান সহকারী শ্রমিক। শিশু সাব্বিরের নিরুপায় পরিবার সমাজের বিত্তবানদের সহযোগীতা কামনা করেছেন।
শিশু সাব্বির ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার এলাকার হেলাল উদ্দিনের ছেলে। সে বারবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণিতে পড়ে।
শিশুটির নানী ডলি বেগম জানান, অভাবের সংসারে দুবেলা দুমুঠো খেয়ে বেঁচে থাকতে সাব্বিরের মা কে পরের বাসায় কাজ করতে হয়। আর বাবা রাজমিস্ত্রীর হেলপারের কাজ করে। তারপরও সব সময় কাজ থাকে না। এখন তাদের ছেলের হাত ভেঙ্গে গেছে। টাকার অভাবে কবিরাজি চিকিৎসায় হাতে পচন শুরু হয়েছে। বাধ্য হয়ে অন্য ডাক্তারের কাছে নেয়ার পর চিকিৎসক বলেছেন এখনই বেশ খানিক ব্যয়বহুল চিকিৎসা না করালে শিশুটি প্রতিবন্ধি হয়ে যাবে।
ডলি বেগম আরও জানান, তারা সকলেই দিনমজুর শ্রেণীর মানুষ। এখন শিশুটির দিকে তাকিয়ে চোখের পানি ফেলা ছাড়া তাদের আর কোন পথ নেই। তিনি সমাজের বিত্তবানদের কাছে সহযোগিতা কামনা করেছেন।











































