মোংলা (বাগেরহাট) প্রতিনিধি ।।
ইভটিজিংয়ের প্রতিবাদ করায় মোংলায় এক কলেজ শিক্ষার্থীর শ্লীলতাহানীর অভিযোগ পাওয়া গেছে। শ্লীলতাহানীর পর ওই শিক্ষার্থীসহ তার পরিবারকে ৫ ঘন্টা অবরুদ্ধ করে রাখেন ইভটিজাররা। অবশেষে এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার।
ভুক্তভোগী পরিবার ও থানার অভিযোগের প্রেক্ষিতে জানা যায়, উপজেলার সুন্দরবন ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত আঃ ছমেদ মুন্সীর কলেজ পড়ুয়া মেয়ে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এলাকার একটি দোকানে সাবান কেনার জন্য যান। পথিমধ্যে একই এলাকার মনজু (২৫), মামুন (২৮), মাসুদ (২৫), নাসির (৩২) ও হাসান (৩৫) ওই শিক্ষার্থীর পথরোধ করে কুপ্রস্তাব দিয়ে অশ্লীল কথাবার্তা ও রাস্তার উপর নাচতে বলেন। তখন প্রতিবাদ করলে মনজু গায়ের ওড়না টেনে নিয়ে বিলের ছুড়ে ফেলে দিয়ে শিক্ষার্থীর মুখে চড়থাপ্পড় মারেন। এ সময় অন্য যুবকেরা মিলে তার শ্লীলতাহানি করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ওই সময় লক্ষীখালী মসজিদের সামনের এ ঘটনায় শিক্ষার্থীর কান্না ও ডাক চিৎকার শুনে তার বড় ভাই ছুটে গেলে তাকেও মারধর করে ওই ইভটিজাররা। এতে ওই শিক্ষার্থীসহ তার ভাই ফিরোজ গুরুতর জখম হন। এ ঘটনার পর ওই শিক্ষার্থীর পরিবারকে নানা ধরণের ভয়ভীতি প্রদর্শনসহ সকাল থেকেই বিকেল তিনটা পর্যন্ত বাড়ীর সামনে অবস্থান নিয়ে অবরুদ্ধ করে রাখেন অভিযুক্তরা। বাড়ী থেকে বের হতে ভয়ভীতি ও হুমকিধাকমি দেন ইভটিজার গং। পরে বাড়ীর পিছন থেকে গোপনে অন্যের বাড়ীর মধ্যদিয়ে কৌশলে শহরে এসে প্রাথমিক চিকিৎসা নেন ওই শিক্ষার্থী ও তার ভাই। এরপর ওই দিন রাতেই এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন শিক্ষার্থীর ভাই ফিরোজ মুন্সী।
এ বিষয়ে অভিযুক্ত মামুন বলেন, ঘটনার সময় আমি ছিলাম না, আর এ বিষয়ে কিছু জানিওনা। অভিযুক্ত অন্যদেরকে ফোনে পাওয়া যায়নি।
অভিযোগের তদন্তকারী কর্মকর্তা মোংলা থানার এসআই রইচ উদ্দীন বলেন, ঘটনাটির তদন্ত চলছে, তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।











































