Home আঞ্চলিক বাঘের তাড়া খেয়ে গাছে উঠে প্রাণে বেঁচে ফিরলো জেলে ওমর ফারুক

বাঘের তাড়া খেয়ে গাছে উঠে প্রাণে বেঁচে ফিরলো জেলে ওমর ফারুক

11

 

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।।
মোংলায় সুন্দরবনে বাঘের তাড়া খেয়ে গাছে উঠে প্রাণে বেঁচে ফিরেছেন এক জেলে। ওই জেলে সুন্দরবনের খালে কাকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণের শিকার হন। বাঘের আক্রমণে গাছে উঠে দুই ঘন্টা থাকার পর পরিবারসহ স্থানীয় লোকজন গিয়ে তাকে সেখান থেকে উদ্ধার করে আনেন।
বাঘের মুখ থেকে ফিরে আসা জেলে ওমর ফারুক মোল্লা বুধবার রাতে জানান, তিনি উপজেলা চিলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জয়মনি এলাকার বাসিন্দা। পেশায় একজন জেলে। ওমর ফারুক বনবিভাগের কাছ থেকে পাস পারমিট নিয়ে বুধবার সকালে পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের শ্যালা নদীর আমুরুল্লাহ খালে কাকড়া ধরতে যান। দুপুর ২টার দিকে তিনি খালের পাশের গাছপালার মধ্যে শব্দ শুনতে পেয়ে ঘুরে তাকিয়ে দেখেন সেখানে একটি বাঘ। সে ঘুরে তাকাতেই বাঘটি তার উপর হামলে পড়লে তিনি মাথা সরিয়ে ফেললে বাঘটি তার মাথার উপর দিয়ে লাফিয়ে গিয়ে খালে পড়ে। বাঘটি খালে পড়ে মাটিতে ডেবে যাওয়ার সুযোগে সে দৌঁড় গিয়ে একটি গাছে উঠেন। গাছের মাথায় উঠে ছেলে সৈকত মোল্লাকে (২৩) ফোন দিলে লোকজন নিয়ে গিয়ে দুই ঘন্টা পর বিকেল ৪টার দিকে তাকে সেখান থেকে উদ্ধার করে আনেন।

পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জ কার্যালয়ে সহকারী বন সংরক্ষক মোঃ শহীদুল ইসলাম বলেন, জয়মনি গ্রামের ওমর ফারুক মোল্লা পাস নিয়ে সুন্দরবনের শ্যালা নদীর একটি খালে কাকড়া ধরতে যায়। পরে সেখানে বাঘের আক্রমণের শিকার হলেও শারীরিক কোন ক্ষতি হয়নি তার। তবে ভয় পেয়েছেন, এখন তিনি তার বাড়ীতে অবস্থান করছেন। বাড়ীতে ফিরে ভয়ে আবলতাবল বলছেন বলেও শুনেছি। এও শুনেছি যে আক্রমণ করা বাঘটি তার মাথার উপর দিয়ে লাফিয়ে যায়। তখন সে সাহসীকতার সাথে দৌঁড় একটি বড় গাছে উঠে প্রাণে রক্ষা পান।