যশোর অফিস।।
ফেসবুক স্ট্যাটাসের জেরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় দুই শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে এ ঘটনার তদন্তে তিন সদস্যবিশিষ্ট একটি কমিটিও গঠন করা হয়েছে।
বহিষ্কৃতরা হলেন, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং (এফবি) বিভাগের শিক্ষার্থী মনিরুল ইসলাম হৃদয় এবং শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান (পিইএসএস) বিভাগের শিক্ষার্থী আসিফ আহমেদ। বুধবার বিকেলে যবিপ্রবির রেজিস্ট্রার প্রকৌশলী আহসান হাবীবের সই করা পৃথক দুটি অফিসে আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।
রেজিস্ট্রার স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়, গত ১৬ অক্টোবর ছাত্রদের দুই পক্ষের মধ্যে সংঘটিত মারামারির পরিপ্রেক্ষিতে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে অস্ত্রধারী দুই জন শিক্ষার্থী মনিরুল ইসলাম হৃদয় বিভাগ- এফবি, রোল নম্বর-১৮২০১৬, রেজিস্ট্রেশন নম্বর-১৮২০৬৮৬ ও আসিফ আহমেদ বিভাগ, পিইএসএস, রোল নম্বর-১৩১২৩৭, রেজিস্ট্রেশন নম্বর-১৩১২৪৯৫-কে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
এ বিষয়ে তদন্ত কমিটি তাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। একই সাথে শহীদ মসিয়ূর রহমান হলের প্রভোস্ট মহোদয়কে উক্ত শিক্ষার্থীদের হলে প্রবেশ ও অবস্থান না করতে দেওয়ার যথাযথ ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে তদন্ত কমিটির তদন্ত কাজে সহায়তা করার জন্য তারা ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে।
যবিপ্রবি রেজিস্ট্রারের সই করা আরেকটি অফিস আদেশে ঘটনার সুষ্ঠু তদন্তে বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চেয়ারম্যান ড. মো. মেহেদী হাসানকে আহ্বায়ক করে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটিও গঠনের কথা জানানো হয়। তদন্ত কমিটির সদস্য হিসেবে রয়েছেন বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. হাফিজ উদ্দিন ও সদস্য সচিব প্রক্টর ড. হাসান মো. আল-ইমরান। আগামী ১৫ কার্য দিবসের মধ্যে তাদেরকে ঘটনার তদন্তপূর্বক প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে।
জানা যায়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শহীদ মশিয়ুর রহমান হলে পাঁচ বছর আগে ডাকাতি হয়। ওই ঘটনায় শিক্ষার্থীদের মোবাইল, ল্যাপটপসহ বিভিন্ন সামগ্রী লুট হয়। সেই ঘটনা স্মরণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেয়ার জেরে রোববার রাত সাড়ে ৮টার দিকে সভাপতি সোহলে রানার নেতৃত্ব তার অনুসারীরা হলে প্রবেশ করলে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন আহত হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সদস্য শিহাব উদ্দিন সরকারকে মারধর করে তার মুঠোফোন ছিনিয়ে নেয়।











































