স্টাফ রিপোর্টার।।
খুলনা শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল সংলগ্ন সিটি বাইপাস সড়কটি ক্ষত-বিক্ষত হয়ে এখন কাদা মাটির পথ। বড় বড় গর্ত, কাদা-মাটি আর ধুলো-বালির রাজত্ব। যেন দুর্ভোগের শেষ নেই বিশেষ করে বর্ষা মওসুমে স্থানীয় বাসিন্দা ও সড়কে চলাচলের সময়ে যানবহন চালক ও পথচারীদের। নগরী থেকে সহজে বাইরে যাতায়াতের জন্য গোয়ালখালী এলাকার সড়কটি তৈরি করা হয়। আবু নাসের হাসপাতাল থেকে সিটি বাইপাস পর্যন্ত ২ দশমিক ৩৭ কিলোমিটার দৈর্ঘ্যরে সড়কটি ২০০৩-০৪ অর্থবছরে নির্মাণ শুরু করেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ।
যার বর্তমান নামকরণ শেখ আবু নাসের হাসপাতাল বাইপাস লিঙ্ক রোড। সড়কটির প্রবেশদ্বারে আছে দক্ষিণ-পশ্চিামাঞ্চলের একমাত্র সরকারি আধুনিক চিকিৎসা সেবা প্রতিষ্ঠান শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল। এছাড়া বিজিবি সেক্টর সদর দপ্তর, কেএমপি বয়রা পুলিশ লাইন নৌবাহিনীর ঘাঁটি (বানৌজা তিতুমীর), বিএনএন স্কুল অ্যান্ড কলেজ, অ্যাংকরেজ স্কুল, নৌবাহিনী ভর্তি কেন্দ্রসহ সরকারি-বেসরকারি অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। সড়কটির সঙ্গে সম্পর্ক আছে স্থানীয় কয়েক হাজার মানুষের বসবাস তবে সড়কটির বিটুমিন উঠে গেছে। এখন কাদা-মাটির পথ হয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত আর খানাখন্দ।
এছাড়া অভিযোগ রয়েছে সড়কটি নির্মাণের শুরুতে নিম্ন্নমানের উপকরণ ব্যবহারের কারণে সড়কটি তৈরির পর পর অনেক আগেই বিটুমিন উঠে সড়কে কাদা-বালি জমে কাঁচা রাস্তার মতো হয়ে গেছে।
যে কারণে সড়কটি এখন গর্ত আর ধুলো-বালিতে পরিণত হয়েছে। স্থানীয় বাসিন্দা ভুক্তভোগী ওয়াহিদুজ্জামান বলেন, সড়কটি বর্তমানে কাদা-মাটির সড়ক হয়ে গেছে। আর এই কাদা-মাটির পথটির ওপর ভারী যানবাহন চলাচলের কারণে আরও বড় বড় গর্ত তৈরি হয়েছে। স্থানীয় আরেক বাসিন্দা মোস্তাকিম হোসেন বলেন, সড়কটির অবস্থা এখন খুবই খারাপ। মনে হয় আমরা কোনো মোঠো পথের ওপর চলাচল করছি। প্রায় পাঁচ বছর ধরে এমন বেহাল অবস্থায় থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা কোনো জনপ্রতিনিধি এখনও কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। এমনকি হাসপাতালে যেখানে জরুরি মুহূর্তে রোগীরা যাতায়াত করতে পারছেন না। এম্বুলেন্স আটকে যায়। এছাড়া সড়কটির সঙ্গে বড় গর্তে ভারী যানবহন আটকে পড়ে থাকে এমনকি যানবহনগুলো ঝাঁকি খেয়ে পড়ে থাকে। পাশাপাশি ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। আমরা দ্রুত সড়কটি সংস্কার করার জন্য কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি।
খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী কাজী মো. সাবিরুল আলম বলেন, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ কোন সংস্কারের কাজ করে না। আমরা সড়কটি তৈরির জন্য একটি প্রজেক্ট তৈরি করেছি। সড়কটি সংস্কার করার জন্য আমরা খুলনা সিটি কর্পোরেশনকে দিয়েছিলাম কিন্তু সড়কটির সংস্কার হয়নি। তবে স্থানীয় সরকারের (এলজিইডি) কাছে আমরা হস্তান্তর করেছি। এখন তারা কাজ করবেন। আমিও একই এলাকার বাসিন্দা মানুষের দুর্ভোগ হচ্ছে বুঝি দ্রুত একটা ব্যবস্থা নেয়া হবে।










































