Home আঞ্চলিক সাতক্ষীরায় দুই দোকানে আগুন

সাতক্ষীরায় দুই দোকানে আগুন

12

সাতক্ষীরা প্রতিনিধি।।
সাতক্ষীরার কলারোয়ায় দুটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। রবিবার (২ অক্টোবর) বেলা সাড়ে ৯টার দিকে কলারোয়া জেলা পরিষদের বিপরীতে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে কলারোয়া জেলা পরিষদের বিপরীতে অবস্থিত আল আমিন সু স্টোর ও মিনারুল কসমেটিক্স নামের দুটি দোকানের ভেতর থেকে ধোঁয়া উড়তে দেখা যায়। এ সময় ফায়ার সার্ভিস স্টেশনে খবর দিলে বেলা ১০টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

কলারোয়ার ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. অপু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, আগুন ধরে যাওয়ার খবর পেয়ে তারা দ্রুত সেখানে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে। প্রায় ৬ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। আনুমানিক ২ লাখ টাকার মালামাল আগুনে পুড়ে গেছে।

আল আমিন সু স্টোরের মালিক রবিউল ইসলাম এবং মিনারুল কসমেটিক্সের মালিক মিনারুল ইসলাম জানান, সকাল সাড়ে ৯টার দিকে দোকান খোলার সময় সেখানে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।