মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।।
উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে মোংলা বন্দরসহ সংলগ্ন উপকূলীয় এলাকায় মেঘলা আকাশ বিরাজ করছে। রবিবার ভোর থেকে সূর্যের দেখা মেলেনি, মেঘে আকাশ অন্ধকারাচ্ছন্ন রয়েছে। সেই সাথে ভোর থেকেই থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি ও হালকা-মাঝারি বাতাস বইছে। এমন আবহাওয়ায় শীত শীত ইমেজ বিরাজ করছে এ এলাকা জুড়ে।
মোংলা আবহাওয়া অফিস ইনচার্জ অমরেশ চন্দ্র ঢালী জানান, শনিবার বিকেল থেকে সন্ধ্যা নাগাদ উত্তর ও উত্তর মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। এর প্রভাবে আগামী দুই তিন দিন ধরে ঝড়ো বাতাস ও বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মোংলা বন্দরসহ সাগর-সুন্দরবন উপকূলীয় এলাকা জুড়ে। তবে এখনও পর্যন্ত কোন সর্তক সংকেত জারি করা হয়নি বলেও জানান তিনি। তিনি আরো বলেন, তারপরও গভীর বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া জেলে-মাঝিমাল্লাদেরকে তাদের নৌকা ও ট্রলার নিয়ে উপকূলের কাছাকাছি নিরাপদে চলাচল এবং অবস্থান করতে বলা হয়েছে। #











































