মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।।
মোংলার পশুর নদীতে জাল ধরতে গিয়ে এক জেলের মৃত্যু হয়েছে। নৌকায় ইলিশের জাল টানা অবস্থায় ঢলে পড়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয় ওই জেলের। নিহত এ জেলের বাড়ী উপজেলার চিলা ইউনিয়নের জয়মনিরঘোল এলাকার বটতলায়।
নিহতের সাথে থাকা অপর জেলে মোঃ জুয়েল খাঁন জানান, রবিবার সকালে জুয়েল একই এলাকার রফিকুল ব্যাপারীকে (৩৫) নিয়ে পশুর নদীতে ইলিশ মাছ ধরতে যান। এরপর বেলা ১১টার দিকে তারা দুইজনে পশুর নদীতে মাছ ধরার জন্য জাল ফেলেন। তারপর বেলা সাড়ে ১১টার দিকে জাল টানতে (উঠাতে) শুরু করেন রফিকুল ও জুয়েল। জাল টানা অবস্থায় রফিকুল হঠাৎ ঢলে পড়তে লাগলে তাকে ধরে নৌকায় শুয়ে দেন জুয়েল। এরপর জাল তুলে অপর একটি বোটের সহায়তায় রফিকুলকে দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন জুয়েল। হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক ডাঃ মোঃ মোহায়মিনুল রফিকুলকে মৃত বলে ঘোষণা করেন। ডাঃ মোহায়মিনুল বলেন, আকস্মিক হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার, হাসপাতালে মৃতদেহই আনা হয়েছে।
মৃত রফিকুলের শ্বশুর মোঃ শাহজাহান মল্লিক বলেন, রফিকুলের নিজেরও জাল-নৌকা রয়েছে। সে রবিবার সকালে একই এলাকার অপর জেলে জুয়েলের সাথে ইলিশ মাছ ধরতে পশুর নদীতে যায়। এরপর এ ঘটনা ঘটে। রফিকুল পেশায় জেলে হলেও মাঝেমধ্যে টমটমও চালাতেন। রফিকের ১০ বছর বয়সের একটি মেয়ে ও ৭ বছর বয়সের একটি ছেলে রয়েছে। রফিক জয়মনিরঘোলের বটতলায় বসবাস করতেন। আর জুয়েলও জয়মনিরঘোল এলাকার বাসিন্দা। জুয়েলও পেশা একজন জেলে।
মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, মাছ ধরতে গিয়ে জেলে রফিকুলের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় তদন্ত শেষে এ মৃত্যুর ঘটনায় কারো কোন আপত্তি পাওয়া না গেলে একটি অপমৃত্য মামলা দায়ের পর লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।











































