Home আঞ্চলিক রূপসায় অটো রিক্সা-অটোটেম্পো থেকে চাঁদাবাজির প্রতিবাদে সংবাদ সম্মেলন

রূপসায় অটো রিক্সা-অটোটেম্পো থেকে চাঁদাবাজির প্রতিবাদে সংবাদ সম্মেলন

13

স্টাফ রিপোর্টার।।
খুলনা জেলার রূপসা টু গৌরম্ভা রোডে অটো রিক্সা, অটোটেম্পো ব্যবসা পরিচালনা করে সাধারণ যাত্রীদের সেবা দিয়ে আসছি। কিন্তু দু:খজনক হলেও সত্য, দীর্ঘদিন ধরে আমরা একটি সন্ত্রাসী, চাঁদাবাজ চক্রের কাছে জিম্মি হয়ে পড়েছি। তাদের প্রতিদিনকার হয়রানি, হুমকি, নির্যাতন ও নিপীড়নের কারণে পরিবার-পরিজন নিয়ে বেঁচে থাকা অসম্ভব হয়ে পড়েছে।
শনিবার (১ অক্টোবর) সকাল ১১টায় খুলনা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য এসব কথা বলেন খুলনা জেলা ট্যাক্সী, অটো রিক্সা, অটোটেম্পো মালিক সমিতি (রেজি: নং-২০৪০) এর সাধারণ সম্পাদক মো. মামুন শেখ। তিনি আরও বলেন আমরা দীর্ঘদিন সমিতি সদস্যরা লাখ লাখ টাকা বিনিযোগ করে দিনরাত শ্রম দিয়ে রোজগার করি। অথচ মাথার ঘাম পায়ে ফেলে আয় করা টাকা চাঁদা দিতে হয়। বটিয়াঘাটা উপজেলার ভান্ডারকোট গ্রামের জসিম সরদারের ছেলে নজর আলী সরদার (৪৫), আসলামের ছেলে জাবের (২৭), ফেরদৌস মুন্সির ছেলে ইনতাজ (৪০), জামির (৩০), আসাদ, রাজীব ও জাহাঙ্গীরসহ তাদের সহযোগিরা দীর্ঘদিন ধরে সমিতির বিভিন্ন ড্রাইভারদের মারধর, হুমকি, হয়রানি ও চাঁদাবাজি করে আসছে। গত ২৯ সেপ্টেম্বর সাড়ে ৯টার দিকে বটিয়াঘাটা থানার সাধাল বাজারে সমিতির ড্রাইভার মো. জাহিদ শেখ ও রুহুল আমিনকে অকথ্য ভাষায় গালিগালাজ ও গাড়ি চালাতে বাধা দেয়। এ ঘটনার প্রতিবাদ করলে চাঁদাবাজরা তাদেরকে এলোপাতাড়ি কিল, চড় ঘুষি মেরে চোখ মুখসহ শরীরের বিভিন্ন স্থানে জখম করে। একপর্যায়ে তারা ড্রাইভার জাহিদের মাহিন্দ্রা গাড়ির লুকিংগ্লাস, হুড ছিড়ে ফেলে। এতে প্রায় দশ হাজারের বেশি টাকার ক্ষতি হয়। এসময় ড্রাইভারদের ডাকচিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাঁদের রক্ষা করে। ওই সকল চিহ্নিত চাঁদাবাজরা পুনরায় ওই রাস্তায় গাড়ি চালালে ড্রাইভারদের প্রাণনাশসহ বিভিন্নভাবে হুমকি প্রদান করে। এ অবস্থায় সমিতির সদস্যরা পরিবার-পরিজন নিয়ে আতংকের মধ্যে দিন পার করছেন।
সংবাদ সম্মেলনে রূপসা টু গৌরম্ভা রোডে অটোরিক্সা, অটোটেম্পো চালিয়ে স্বাভাবিকভাবে বেঁচে থাকার আকুতি জানিয়ে সন্ত্রাসী, চাঁদাবাজ ও দুর্বৃত্তদের হাত থেকে রক্ষা পাওয়ার আবেদন জানিয়েছেন খুলনা জেলা ট্যাক্সী, অটো রিক্সা, অটোটেম্পো মালিক সমিতি এর সাধারণ সম্পাদক মো. মামুন শেখ।