মোংলা প্রতিনিধি||
পর্যটন দিবসে দেশের একমাত্র বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র সুন্দরবনের করমজলে দ্বিগুন পর্যটকের আগমন ঘটেছে। করমজল হলো একদিকে বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র, অপরদিকে পর্যটন স্পটও। এখানে ভ্রমণকারীদের বাড়তি আকর্ষণ হলো সুন্দরবনের নৈসর্গিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের বিভিন্ন প্রাণী দেখার বিশেষ সুযোগ। যা এক কথায় একের ভিতরে দুই। করমজলে দর্শনার্থীদের জন্য রয়েছে দীর্ঘ ফুট টেইলর, সু-উচ্চ ওয়াচ টাওয়ার, গোল ঘর অর্থাৎ বিশ্রামাগার, কৃত্রিমভাবে বনের মায়াবী হরিণ ও বানর সংরক্ষণ ব্যবস্থা। আর বাড়তি সুযোগ হলো বিলুপ্ত প্রায় লবণ পানি প্রজাতির কুমির ও বাটাগুরবাস্কা প্রজাতির কচ্ছপ প্রজনন কেন্দ্র। করমজলই হলো দেশের বনবিভাগের একমাত্র বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র। কেন্দ্রটিতে থাকা বড় বড় কুমির ও কচ্ছপ দেখতে পারাটা ভ্রমণ পিপাসুদের কাছে যেন এক অনন্য বাড়তি উপভোগের সুযোগ। এছাড়াও করমজলে রয়েছে বাঘসহ বিভিন্ন বন্যপ্রাণীর কংকাল ও মমি। রয়েছে ডলফিনের প্রকৃতিও। কারণ করমজলের সামনের পশুর নদীতে রয়েছে এ ডলফিনের প্রাকৃতিক বিচরণ ও প্রজনন। এবছর আবার করমজলকে দৃষ্টিনন্দন করা হয়েছে। করমজলে উঠে বনের অভ্যন্তরে প্রবেশ মুখে করা হয়ে গাছের আদলে সৌন্দর্য বর্ধন গেইট। এছাড়া কাঠের ফুট টেইলর বদলে করা হয়েছে পাকা টেইলর ও টাওয়ার। করমজলসহ বনের অন্যান্য পর্যটন কেন্দ্রগুলোকেও দর্শনার্থীদের জন্য সুন্দর টেকসই অবকাঠামো নির্মাণ করা হয়েছে। আর এর মুল কারণ হলো পদ্মা সেতু চালু হওয়ার বিষয়টি। কারণ সেতু চালু হওয়ার পর সুন্দরবনে পর্যটকদের আগমন বৃদ্ধি পাচ্ছে। চলতি সেপ্টেম্বর মাসের এ সময়টাতে গত বছর সুন্দরবনের পর্যটন কেন্দ্রগুলো এক কথায় ফাঁকা ছিলো। কারণ এই সময়টা পর্যটন মৌসুম নয়। মৌসুম না হলেও পদ্মা সেতুর সুবাদে অমৌসুম এখন কিছুটা মৌসুমের মতই হয়ে পড়েছে। মুলত পুরো শীতকালই হলো সুন্দরবনের পর্যটন মৌসুম। কারণ শীতকালে বনের সাগর, নদী ও খাল ঠান্ডা থাকে, থাকেনা ঢেউ ও দুর্যোগও। তাই শীত মৌসুমে পর্যটকদের ব্যাপক আনাগোনায় সরগরম থাকে পুরো বন। এরপর শুরু হয় দুর্যোগ মৌসুম, এই সময়টাতে সাগর নদী থাকে উত্তাল। তবে পর্যটকেরা এখন সেই দুর্যোগও মানছেন না। দুর্যোগ মৌসুমেও দেশের দূরদূরান্ত থেকে সুন্দরবনে ছুটে আসছেন পর্যটক। মঙ্গলবারও করমজলে বেশির ভাগ পর্যটক এসেছে দেশের উত্তরবঙ্গ থেকে।
সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজাদ কবির বলেন, পর্যটন দিবসে মঙ্গলবার সপ্তাহের দ্বিগুন পর্যটক এসেছে। এর আগে সোমবার শ’খানেক আর রবিবার সোয়া’শ পর্যটক আসে এ কেন্দ্রটিতে। আর মঙ্গলবার দুই’শর অধিক পর্যটক এসেছে করমজলে। আর এ পর্যটকদের মধ্যে উল্লেখযোগ্য বেশি সংখ্যক এসেছে উত্তরবঙ্গ থেকে। তিনি বলেন, এই সময়ে বিগত বছরগুলোতে এতো পর্যটক কখনও হতো না। যা হতো তা হলো ১০/১৫ ও ২০/২৫ জন। কারণ এই সময়টা সুন্দরবনের পর্যটনের অমৌসুম। কিন্ত বর্তমান অমৌসুমেও সুন্দরবনে পর্যটকদের আগমনের মুল কারণ হলো পদ্মা সেতু। পদ্মা সেতু চালু হওয়ায় এ বছর অমৌসুমেও পর্যটকদের আগমন বাড়ছে।











































