ঢাকা অফিস।।
দুই লাখ ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) কেনার জন্য ৮ হাজার ৭১১ কোটি ৪৪ লাখ টাকা ব্যয়ে “নির্বাচনী ব্যবস্থায় ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-এর ব্যবহার ও টেকসই ব্যবস্থাপনা” শীর্ষক উন্নয়ন প্রকল্প প্রস্তাব অনুমোদন করেছে নির্বাচন কমিশন। গতকাল নির্বাচন কমিশনের সপ্তম সভায় প্রস্তাবটি অনুমোদন দেয়া হয়। সরকারের অনুমোদনের জন্য প্রকল্পটি দু-একদিনের মধ্যেই পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো হবে।
প্রকল্পের বিষয়ে জানতে চাইলে ইসি’র অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, আজকের বৈঠকে ৮ হাজার ৭১১ কোটি ৪৪ লাখ টাকার প্রকল্প প্রস্তাব কমিশন অনুমোদন করেছে। এই প্রকল্পের আওতায় দুই লাখ ইভিএম কেনা হবে। এ ছাড়া ইভিএম সংরক্ষণে জনবল তৈরি ও প্রশিক্ষণের জন্য এখানে ব্যয় রাখা হয়েছে।
বৈঠকের পর নির্বাচন কমিশনার মো. আলমগীর সাংবাদিকদের বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএমে ভোট করার সিদ্ধান্ত নিয়েছিলাম। বর্তমানে আমাদের কাছে যে ইভিএম আছে, তা দিয়ে সর্বোচ্চ ৭০ থেকে ৮০টি আসনে ভোট করা সম্ভব। তাই ১৫০টি আসনে নির্বাচন করতে হলে নতুন করে ইভিএম কিনতে হবে। এ জন্য ইসি সচিবালয় নতুন একটি প্রকল্প প্রস্তাব কমিশন সভায় তুলেছিল। আমরা এটার অনুমোদন দিয়েছি। এখন পরিকল্পনা কমিশনে পাঠানো হবে।
এর আগে জনবলের জন্য অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে একটি সভা করতে হবে। সেখান থেকে ক্লিয়ারেন্স নিয়ে প্রকল্প প্রস্তাব পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো হবে। তারা অনুমোদন করবেন কি করবেন নাÑ এটা তাদের বিষয়। এ সময় তিনি সাংবাদিকদের কোনো প্রশ্ন নিতে রাজি হন নি। তিনি বলেন, কোনো প্রশ্ন করা যাবে না।
তবে প্রকল্পটি থেকে সরে আসা উচিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এ বিষয়ে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার মানবজমিনকে বলেন, প্রকল্পটিতে প্রায় ৯ হাজার কোটি টাকা খরচ ধরা হয়েছে। বাংলাদেশের অতীত ইতিহাস বলে এই খরচ আরও বাড়বে। তিনি বলেন, ‘আমরা ৭ বিলিয়ন ধার করার চেষ্টা করছি। সেখানে যদি ১ বিলিয়ন ইভিএম প্রকল্পের জন্য খরচ করা হয়, সেটি ঠিক হচ্ছে না।’ অহেতুক ব্যয় না করে প্রকল্পটি থেকে সরে আসা উচিত জানিয়ে তিনি বলেন, প্রকল্প নেয়ার আগে নির্বাচন কমিশনকে প্রমাণ করতে হবে ইভিএমই সুষ্ঠু নির্বাচনের একমাত্র উপায়। একটি ব্যর্থ নির্বাচন উপহার দেয়ার জন্যই এই প্রকল্প নেয়া হয়েছে।











































