Home আঞ্চলিক নির্বাচন কমিশনের রোডম্যাপ আরেকটি ব্যর্থ নির্বাচনের দিকে যাচ্ছেন: ড. বদিউল আলম

নির্বাচন কমিশনের রোডম্যাপ আরেকটি ব্যর্থ নির্বাচনের দিকে যাচ্ছেন: ড. বদিউল আলম

9

 

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি ।।
সুজন’র কেন্দ্রীয় সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, নির্বাচন কমিশন যে রোডম্যাপ তৈরি করেছেন বর্তমান প্রেক্ষাপটে এ রোডম্যাপটা হলো আরকেটি ব্যর্থ নির্বাচনের রোডম্যাপ। কারণ নির্বাচন কমিশনারের উপর আস্থা নেই, তারা যে সকল কর্মকান্ড করছেন এটির উপরও আস্থা নেই। একই সাথে তারা ইভিএম ব্যবহার করছে তার উপরও কোন আস্থা নেই। দলীয় সরকারের অধীনে যে গত দুইটি নির্বাচন হয়েছে তা ব্যর্থ নির্বাচন হয়েছে। তারপরও আবার আরেকটি ব্যর্থ নির্বাচনের দিকে যাচ্ছেন। দেশের ইতিহাসে ১১টির মধ্যে ৪টি নির্বাচন হয়েছে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের আমলে, সেই নির্বাচনগুলো মোটামুটি গ্রহণযোগ্যতা পেয়েছেন। আর ২টি নির্বাচন হয়েছে সেগুলো একতরফা নির্বাচন। ওগুলো কোন নির্বাচন না, যেখানে কোন বিকল্প থাকেনা। আর ৫টি নির্বাচন হয়েছে দলীয় সরকারের অধীনে গত ২টি নির্বাচনসহ এসব নির্বাচনে যারা ক্ষমতায় ছিল, তারাই ক্ষমতায় এসেছে। এগুলো ব্যর্থ নির্বাচন।

নির্বাচনকালীন সময়ে যদি প্রশাসন ও আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর নিরপেক্ষতা নিশ্চিত করা না যায় তাহলে আবারো তারই পুনরাবৃত্তি ঘটবে। আজকে একটি শান্তিপূর্ণ পরিস্থিতি বিরাজ করা দরকার। সবাই যাতে রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারে এবং হানাহানি ও দ্বন্দ্ব বন্ধ হয়। আর ইভিএম’র নামে তারা একটি নতুন বিতর্ক সৃষ্টি করছে, শুধু বিতর্কই নয় তারা প্রতারণামূলক বক্তব্য দিচ্ছে। যে রাজনৈতিক দলগুলো যে কথা বলেনি সেগুলো তাদের নামে বলা হচ্ছে। এমতাবস্থায় তারা আরেকটি ব্যর্থ নির্বাচনের দিকে যাচ্ছেন। এই অবস্থা চলতে থাকলে তার পরিণতি কারো জন্য মঙ্গল বয়ে আনবে না। নিয়মতান্ত্রিকভাবে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সাংবিধানিকভাবে যদি ক্ষমতা বদল হয় তাহলে সেটি গ্রহণযোগ্য হবে। কিন্তু এটা যদি রুদ্ধ হয় তাহলে অশান্তির মাধ্যমে ক্ষমতার রদবদল হবে। এটা কারো জন্যই মঙ্গলজনক হবেনা। এমনকি এটা নির্বাচন কমিশনারের জন্যেও মঙ্গল বয়ে আনবেনা। আমরা ভাল অবস্থাতে নেই, আমরা চরম ঝুঁকির মধ্যেই আছি দুর্ভাগ্যবশত।

শুক্রবার বিকেল ৩টায় মোংলা প্রেস ক্লাব মিলনায়তনে ‘সংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ চাই’ শীর্ষক নাগরিক সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সুশাসনের জন্য নাগরিক (সুজন) ও সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগ (পিএফজি) মোংলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এ নাগরিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। এ নাগরিক সভায় সভাপতিত্ব করেন সুজন’র মোংলা শাখা সভাপতি ফ্রান্সিস সুদান হালদার। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পিস এ্যাম্বাসেডর বাগেরহাট ডিস্ট্রিক্ট নেটওয়ার্ক পিএডিএন’র সমন্বয়কারী শেখ বশিরুল ইসলাম, পিএডিএন বাগেরহাটের উপদেষ্টা ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম হোসেন, মোংলা উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, পিএডিএন বাগেরহাটের সদস্য খান এ আরিফ, এস কে হাসিব, ইসমাইল হোসেন লিটন, মো. জাকির হোসেন ও দি হাঙ্গার প্রোজেক্ট’র এসপিএল প্রকল্প সমন্বয়কারী কাজী নিশাত।
এ সভায় আরো উপস্থিত ছিলেন সুজন’র মোংলা শাখা সাধারণ সম্পাদক মো. নূর আলম শেখ, সুজন নেতা অধ্যক্ষ আবু সাইদ খান, সুজন নেতা অধ্যক্ষ মাওলানা রুহুল আমীন, সুজন নেতা পান্না লাল দে, ইউপি চেয়ারম্যান উৎপল মন্ডল, ইউপি চেয়ারম্যান উদয় শংকর বিশ্বাস, পিএফজি (সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগ) সদস্য পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মানিক, পিএফজি সদস্য বিএনপি নেতা শেখ শাকির হোসেন, পিএফজি সদস্য জাতীয় পার্টির নেতা এরশাদুজ্জামান সেলিম, পিএফজি সদস্য সিপিবি নেতা কমরেড মাহরুফ বিল্লাহ, পিএফজি সদস্য রাকেস সানা, হাসিব সরদার, নারী নেত্রী কমলা সরকার, হাদিসা বেগম, হীরা বেগম ও ইয়ুথ লিডার শেখ রাসেল।
এ নাগরিক সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।