Home আঞ্চলিক কালীগঞ্জের ইউ.এনওর মমতা ঘেরা মিড ডে মিল

কালীগঞ্জের ইউ.এনওর মমতা ঘেরা মিড ডে মিল

21

 

সাবজাল হোসেন,বিশেষ প্রতিনিধি ॥

বিগত মহামারি করোনাকালে দেশের সকল স্কুল কলেজ দীর্ঘ সময়ের জন্য বন্ধ ছিল। স্কুল চালু হলে অনেক শিশুই আর স্কুলে ফেরেনি। এ সমস্ত ঝরে পড়া শিশুদের উৎসাহ দিয়ে বিদ্যালয়মুখী করতে ঝিনাইদহ কালীগঞ্জের ইউএনওর আন্তরিকতায় চালু রয়েছে মিডডে মিল কর্মসূচি। যা অনুষ্ঠিত হয়েছে গত বৃহস্পতিবার উপজেলার অজোপাড়া গায়ের জটারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। সেখানে দুপুরে প্রায় শতাধিক শিশু শিক্ষার্থীকে নিজ হাতে মাতৃ স্নেহে দুপুরের রান্না খাবার নিজে পরিবেশন করে খাওয়ালেন ইউএনও সাদিয়া জেরিন। এতে খুশির সাগরে ভাসালেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীসহ সকলকে।

ইউএনও সাদিয়া জেরিন জানান, করোনার সময়ে বিদ্যালয় থেকে ঝরে গেছে অনেক শিশু। তাদেরকে বিদ্যালয়ে ফেরাতে স্কুলকে আনন্দমুখর করতে পারলে ঝরে পড়াদের অনেককে ফেরানো সম্ভব। এছাড়াও সকালে বাড়ী থেকে খাবার খেয়ে ছোট ছোট শিশুরা বিকাল পর্যন্ত ক্লাস করে। এদের অনেকেরই টিফিন জোটেনা। ক্ষুধাই কষ্ট পায়। তাই শিশুদের কষ্ট লাঘবের জন্যই মাঝে মাঝে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে মিড ডে মিল দুপুরের খাবারের আয়োজন করা হয়। কখনও তিনি নিজে আবার কখনও স্থানীয় ব্যক্তি বা প্রতিষ্ঠানের সহায়তাই এসব আয়োজন করা হয়ে থাকে।

এতে করে শিক্ষা হয়ে ওঠে আনন্দমুখর। শ্রেণীকক্ষে বন্ধুরা একসঙ্গে বসে খাওয়া দাওয়ার মাধ্যমে সাম্যের শিক্ষা লাভ হয়। শিশু মনে উদারতা বৃদ্ধি পায়। বিদ্যালয়ের প্রতি বাড়তি আগ্রহের সৃষ্টি হয়। তিনি বলেন, ছোট ছোট শিশুরা সন্তানের মত। তাদেরকে নিজ হাতে খাবার পরিবেশন করে খাওয়াতে পারলে নিজেরও ভালো লাগে। তাই তিনি প্রায়ই এটি করে থাকেন।

জটারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা জানান, বিদ্যালয়ে মিড ডে মিল উপলক্ষে বিদ্যালয় ছিল আনন্দমুখর। খবর পেয়ে ওই দিন অনেক ঝরে পড়া শিশুরাও এসে আনন্দে অংশ নিয়েছিল। তারপরও ইউএনও মহোদয় যখন নিজ হাতে বাচ্চাদেরকে পরিবেশন করেছেন এটাতে বাড়তি মাত্রা যোগ হয়েছে।

ইউএনওর মমতাময়ী কর্মকান্ডে সকলকে খুশি করেছে। জটাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ও ফিরোজ মেডিকেল এন্ড টেকনোলজি ফাউন্ডেশন এর আয়োজনে ওই অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন ৭নং রায়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন অপু, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মাজেদুর রহমান, ফিরোজ মেডিকেল এন্ড টেকনোলজি ফাউন্ডেশনের চেয়ারম্যান ফিরোজ আহমেদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা ও সহকারী শিক্ষকবৃন্দসহ স্কুল ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ।