নড়াইল প্রতিনিধি।।
স্বামীর প্যান্টের পকেটে গাঁজা পান কলেজছাত্রী সুমাইয়া ইসলাম। বিষয়টি শাশুড়িকে জানালে তেলে বেগুনে জ্বলে ওঠেন তিনি। শুরু হয় অমানুষিক নির্যাতন। পেটাতে থাকেন শাশুড়ি ও ননদ। স্বামী বাড়ি ফেরার পর নির্যাতনের কথা জানানোয় আরেক দফায় পেটানো হয় তাকে। রড দিয়ে থেতলে দেওয়া হয় মুখ। এতে ঠোঁটে মারাত্মক জখম এবং কয়েকটি দাঁত নড়ে যায়।
ঘটনাটি গত বৃহস্পতিবার রাতে নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের পলইডাঙ্গা গ্রামে ঘটে। গুরুতর অবস্থায় গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে তাঁর ভাইয়েরা।
জানা গেছে, এক বছর আগে পলইডাঙ্গা গ্রামের আশিক খানের সঙ্গে বিয়ে হয় লোহাগড়া উপজেলার শামুকখোলা গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নজরুল ইসলামের একমাত্র মেয়ে সুমাইয়ার। এর পর থেকেই শ্বশুরের কাছে পেনশনের টাকায় দামি মোটরসাইকেল কিনে দেওয়ার জন্য চাপ দিতে থাকেন আশিক। এক সময় সুমাইয়া জানতে পারেন, তাঁর স্বামী নেশাগ্রস্ত। এ বিষয়ে প্রতিবাদ করায় প্রায়ই তাঁকে নির্যাতন সইতে হয়। বৃহস্পতিবারও তাকে মারধর করেন তার শাশুড়ি শেফালি বেগম ও ননদ সামিরা। সুমাইয়া লোহাগড়া সরকারি আদর্শ কলেজের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। তাঁর স্বামী আশিক নড়াইলে নির্মাণাধীন রেলওয়ে প্রকল্পে চীনাদের সঙ্গে দোভাষী হিসেবে কাজ করেন।
গৃহবধূর ভাই রমজান ইসলাম বলেন, আমার বোনের এক বছর হল বিয়ে হয়েছে, এর মধ্যে ৯ মাসে বিভিন্ন সময় তাকে মেরেছে শ্বশুড় বাড়ির লোকজন। এনিয়ে কয়েকবার সালিশও হয়েছে। এবার মেরে তার মুখের কয়েকটি দাত নড়িয়ে দিয়েছে। ঠোটে অন্তত ১০টি সেলাই লেগেছে। মাথা ও পায়ে রড়ের মারাত্মক আঘাতের চিহ্ন আছে।
নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. পার্থ সারথি রায় বলেন, মেয়েটির মুখে ও ঠোটে মারাত্নক জখম আছে, মাথায়ও আঘাতের চিহ্ন আছে। অভ্যন্তরীণ রক্তক্ষরণ আছে কি না সেটা জানার জন্য সিটিস্ক্যানসহ কিছু পরীক্ষা দেওয়া হয়েছে। রিপোর্ট এলই অবস্থা বোঝা যাবে।
ঘটনার পরই পালিয়ে যান শেফালি, তাঁর মেয়ে সামিরা ও ছেলে আশিক। এ ব্যাপারে সদর থানার ওসি মাহমুদুর রহমান বলেন, শুনেছি স্বামী হাতে নির্যাতনের ঘটনা ঘটেছে। এ বিষয়ে এখনও লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।











































