ঢাকা অফিস।।
বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের সঙ্গে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদেরের দ্বন্দ্বের মধ্যেই প্রেসিডিয়াম সদস্যসহ দলের সব পদ থেকে অব্যাহতি পেয়েছেন মসিউর রহমান রাঙ্গা।
জিএম কাদের বলেছেন, মসিউর রহমান রাঙ্গা সংবাদমাধ্যমে যে বক্তব্য দিয়েছেন, তা দলের জ্যেষ্ঠ নেতাদের জন্য অবমাননাকর। তাই সবার সিদ্ধান্তে তাঁকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
তবে বিরোধীদলীয় চিফ হুইপ পদে মসিউর রহমান রাঙ্গা বহাল থাকবেন বলে জানিয়েছেন জিএম কাদের।
রংপুর-১ আসনের এমপি এবং সাবেক প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা জানান, তিনি ৩২ বছর জাপার রাজনীতি করছেন। দলে থাকার অধিকার তাঁর রয়েছে। জিএম কাদের তাঁকে অগণতান্ত্রিকভাবে অব্যাহতি দিয়েছেন।
এছাড়া রংপুরে জিএম কাদেরের সঙ্গে ‘দেখা’ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মসিউর রহমান রাঙ্গা।
এরশাদ জামানাতেও দল থেকে একাধিকবার বহিষ্কার হন মসিউর রহমান রাঙ্গা। দলীয় পদ থেকে অব্যাহতিও পান। তিনবার এরশাদ তাঁকে দলে ফিরিয়ে নেন। ২০১৮ সালের ডিসেম্বর জাতীয় নির্বাচনের আগে তাঁকে জাপা মহাসচিবের পদ দেন এরশাদ। ২০১৯ সালের ডিসেম্বরের কাউন্সিলে মহাসচিব নির্বাচিত হন মসিউর রহমান রাঙ্গা। তবে তিন মাসের মাথায় তাঁকে সরিয়ে দেন জিএম কাদের।
থাইল্যান্ডে চিকিৎসাধীন জাপার প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ গত ৩১ আগস্ট চিঠি দিয়ে দলের কাউন্সিল ‘ডাকেন’। তাঁর চিঠিকে অবৈধ আখ্যা দিয়ে পরের দিন পাল্টা হিসেবে জাপার সংসদীয় দল রওশন এরশাদকে সরিয়ে জিএম কাদেরকে বিরোধীদলীয় নেতা নির্বাচিত করে স্পিকার ড. শিরীন শারমিনকে চিঠি দেন। মসিউর রহমান রাঙ্গা সেই চিঠিকে স্পিকারকে পৌঁছে দেন।
কিন্তু দুই সপ্তাহ না ঘুরতেই বেসুরো হন মসিউর রহমান রাঙ্গা। জিএম কাদেরকে বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি দেওয়ার অগ্রগতি কতদূর, তা জানতে বুধবার তাঁর স্পিকারের কার্যালয়েও যাওয়ার কথা ছিল। কিন্তু মঙ্গলবার তিনি চিঠির শুদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেন। তিনি বলেন, সংসদীয় দলের সভার আলোচ্যসূচিতে বিরোধীদলীয় নেতার নির্বাচনের বিষয়টি ছিল না। তারিখেও ভুল রয়েছে। এগুলো ঠিক করে, বিরোধীদলীয় নেতা নির্বাচনে পুনরায় সভা আহ্বান করার কথা বলেন।
জাপা সূত্রের খবর, পক্ষ বদলে রওশন এরশাদ শিবিরে ভিড়েছেন মসিউর রহমান রাঙ্গা। সে কারণেই চিঠি দিয়ে প্রশ্ন তুলেছেন। সেটি আঁচ করতে পেরেই তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে।
জিএম কাদের বলেন, ১ সেপ্টেম্বরের সংসদীয় দলের সভার কার্যবিবরণী মসিউর রহমান রাঙ্গারই লেখা। তখন তিনি কোনো প্রশ্ন তোলেননি কেনো? হঠাৎ কেন প্রশ্ন তুলে দলের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছেন?
দলীয় সূত্র জানিয়েছে, জাতীয় পার্টির সঙ্গে সরকারের ‘সমঝোতা’ রক্ষার কাজটি মসিউর রহমান রাঙ্গা করেন। জাপার চেয়ারম্যান, মহাসচিবসহ জ্যেষ্ঠ নেতারা গত কয়েক মাস ধরে সরকারের কড়া সমালোচক হিসেবে আবির্ভূত হয়েছেন। জিএম কাদেরের চেয়ে রওশন এরশাদ সরকারের আস্থাভাজন। জাপা বিরোধী দল হয়ে উঠার চেষ্টা করায়, কাউন্সিল ডাকতে রওশন এরশাদকে সমর্থন দিয়েছে সরকার।
মসিউর রহমান রাঙ্গা সমকালকে বলেছেন, জিএম কাদের যেসব বক্তব্য দিচ্ছেন, তাতে তো সরকারের সঙ্গে সম্পর্কের অবনতিই হওয়ার কথা।











































