পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ।।
খুলনার পাইকগাছায় পিকআপসহ ভেঙে পড়েছে নাছিরপুর খালের ব্রিজ। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
উপজেলা কপিলমুনিস্থ নাছিরপুর খালের ওপর এ ব্রিজ অবস্থিত। রোববার দুপুরে মাছের পোনাবাহী একটি পিকআপ ব্রিজের মাঝ বরাবর যেতেই ভেঙে পড়ে এটি ।
জানা গেছে, ১৯৯৮-৯৯ অর্থবছরে ৭ লাখ ৮৫ টাকা ব্যয়ে ব্রিজটি নির্মিত হয় উপজেলার তালতলা ও গোয়ালবাতান- চিনিমলার সংযোগস্থল নাছিরপুর খালের ওপর।
স্থানীয়রা জানান, প্রতিদিন হাজার হাজার লোক, ছোট ও মাঝারি ধরনের বিভিন্ন বাহন এ ব্রিজের ওপর দিয়ে তালতলা, চিনিমলা, গোয়ালবাতান হয়ে পাইকগাছা, কপিলমুনিসহ বিভিন্ন অঞ্চলে যাতায়াত করে। ব্রিজটি ভেঙে পড়ায় বেশি বিপাকে পড়েছে স্কুল-কলেজের শিক্ষার্থীরা। সাধারণ মানুষও পড়েছেন চরম বিপাকে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়ার্দার জানান, পরিষদের উদ্যোগে মেরামত করার ব্যবস্থা নেওয়া হচ্ছে। যাতে মানুষ কিছুটা হলেও যাতায়াত করতে পারবে।











































