মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।।
প্রচন্ড ঝড়-বৃষ্টি উপেক্ষা করেই সুন্দরবনে আসছেন পর্যটকেরা। গত প্রায় এক সপ্তাহ ধরে মোংলাসহ সুন্দরবন উপকূল জুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। এমন বৈরী আবহাওয়ার মধ্যেও দেশের বিভিন্ন স্থান থেকে সুন্দরবন ভ্রমণে ছুটে আসছেন দর্শনার্থীরা। মঙ্গলবার ভোর থেকে মোংলা ও সুন্দরবন এলাকায় প্রচন্ড বৃষ্টিপাতের পাশাপাশি পশুর নদীও উত্তাল রয়েছে। আর এ এলাকায় এমন দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে গত বুধবার থেকেই। তারপরও অনেকটা জীবনের ঝুঁকি নিয়ে মোংলা বন্দরের পিকনিক কর্ণার থেকে বিভিন্ন নৌযানে করে করমজল পর্যটন ও বনপ্রাণী প্রজনন কেন্দ্রে যাচ্ছেন দর্শনার্থীরা।
মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত কিশোরগঞ্জসহ বিভিন্ন এলাকার পর্যটক এসেছেন সুন্দরবনে। মঙ্গলবার দুপুর পর্যন্ত করমজলে ৩৫জন পর্যটক এসেছেন। এছাড়া চলমান বৈরি আবহাওয়ার মধ্যেই শুক্রবার আড়াইশ, শনিবার দেড়শ, রবিবারও দেড়শ ও সোমবার ১শর মত পর্যটক আসেন করমজল পর্যটন কেন্দ্রে।
সুন্দরবন পূর্ব বনবিভাগের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজাদ কবির বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও দেশের বিভিন্ন এলাকা থেকে সুন্দরবনে পর্যটক আসছেন। মঙ্গলবার কিশোরগঞ্জ ও মোংলাসহ আশপাশ এলাকার লোকজন এসেছেন করমজলে। তিনি বলেন, দূর থেকে যারা আসছেন, তারা হয়তো জানতেন না মোংলা ও সুন্দরবন এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। না জেনে হয়তো এসে পড়ে সুন্দরবন না দেখে ফিরে না গিয়ে অনেকটা ঝুঁকি নিয়েই নদী পথে ছুটে আসছেন সুন্দরবনে।











































