মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।।
মোংলায় মঙ্গলবার ভোর থেকে আবারো শুরু হয়েছে টানা বৃষ্টিপাত। গত রাতে থেকে থেমে থেমে হালকা মাঝারি বৃষ্টিপাত হলেও আজ ভোর থেকে মুষলধারে বৃষ্টি ঝরছে।
মোংলা আবহাওয়া অফিস ইনচার্জ অমরেশ চন্দ্র ঢালী জানান, গত কয়েকদিন ধরে চলা লঘু ও নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে। এর ফলে মোংলাসহ সংলগ্ন
উপকূলীয় এলাকা জুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। এখন পূর্ণিমার ভরা গোন চলায় ও নিম্নচাপের প্রভাবে আজও মোংলাসহ সংলগ্ন সাগর এবং সুন্দরবন উপকূল কয়েক ফুটের অধিক উচ্চতার জ্বলোচ্ছাসে প্লাবিত হওয়ার আশংকার কথা জানিয়েছে তিনি।
বৈরি হাওয়া বাড়ীঘর থেকে লোকজনও বের হচ্ছেন কম। আর এতে বেশি বিপাকে পড়েছে দৈনন্দিন খেটে খাওয়া দিনমজুরেরা। পৌর শহরের মামার ঘাট শ্রমিক কামাল হোসেন বলেন, বৃষ্টিতে লোকজন নেই, তাই আমাদের ট্রলার পারাপার ও মালামাল টানারও কোন কাজ নেই। বৃষ্টিতে বেকার বসে রয়েছি। ভ্যান চালক মানিক বলেন, বৃষ্টি ভিজে গাড়ী চালানো যায়না, রাস্তাঘাটে লোকজনও তেমন নেই। আবহাওয়া খারাপ তাই কয়েকদিন ধরে ভাড়াও নেই, চলবো কিভাবে।
এদিকে বৃষ্টিপাতে বন্দরে অবস্থানরত বিদেশী বাণিজ্যিক জাহাজে পণ্য বোঝাই-খালাস ও পরিবহণের কাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন বন্দর ব্যবহারকারী মেসার্স নুরু এন্ড সন্স’র ব্যবস্থাপনা পরিচালক এইচ এম দুলাল।











































