স্টাফ রিপোর্টার।।
খুলনার বটিয়াঘাটায় পটকা মাছ খেয়ে বিষক্রিয়ায় মা-ছেলের মৃত্যু হয়েছে। আজ সোমবার উপজেলার জলমা ইউনিয়নের মাথাভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন পরি বেগম (৬০) ও তার ছেলে জাহাঙ্গীর (৩৬)। এ ছাড়া পটকা মাছ খেয়ে অসুস্থ হওয়া জাহাঙ্গীরের খালাতো ভাই সাইদুলকে (৩৫) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতদের প্রতিবেশী আনোয়ারুল ইসলাম গাজী বলেন, আজ দুপুরে পরি বেগম রূপসা নদী থেকে পটকা মাছ ধরে এনে রান্না করেন। পরে ছেলে জাহাঙ্গীর ও ভাগ্নে সাইদুলসহ তিনি এ মাছ খাওয়ার পর অসুস্থ হয়ে পড়েন।
আনোয়ারুল বলেন, সবাইকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে পরি বেগম মারা যান। আর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাহাঙ্গীর। অপর অসুস্থ সাইদুলকে হাসপাতালে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে লবনচরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বলেন, পটকা মাছ খেয়ে মা-ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।











































