স্টাফ রিপোর্টার||
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) উপাচার্য (ভিসি) শহীদুর রহমান খানে শেষ কর্ম দিবসে আনুষ্ঠানিক বিদায়ে অংশ নেননি কোন শিক্ষকরা। কোন রকমের আয়োজন ছাড়া তিনি বিশ্ববিদ্যালয় থেকে বিদায় নিয়েছেন। যা একটি প্রতিষ্ঠান প্রধানের জন্য অত্যান্ত লজ্জাজনক বিদায়। শনিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৫ টার দিকে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা সীমিত পরিসরে ভিসিকে ফুল দিয়ে বিদায়ী সংবর্ধনা জানান। এর আগে বিশ্ববিদ্যালয়ের ৩য় বর্ষের কিছু শিক্ষার্থীরা তাকে ফুল দিয়ে বিদায়ী শুভেচ্ছা জানিয়েছেন।
শিক্ষার্থীরা তাকে শুভেচ্ছা জানাতে গেলে তিনি আবেগ আপ্লুত হয়ে পড়েন। এসময়ে তিনি বলেন, ‘চার বছরে আমি বিশ্ববিদ্যালয়ের জন্য অনেক কিছু করেছি। এখন খুকৃবির ধারে কাছে অন্য কোন কৃষি বিশ্ববিদ্যালয় নেই। আমার বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্র করেছে। ভালো কাজ করতে গেলে ষড়যন্ত্রের শিকার হতে হয়।’ তিনি বলেন, ‘আমার কাজের প্রশংসা স্বয়ং প্রধানমন্ত্রী করেছেন। তিনি বলেছেন বাংলাদেশে একজন মাত্র ভিসি আছেন, যিনি পিয়নের কাজ করেন, শিক্ষকতা করেন, আবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজও করেন। এটা আমার কাছে অনেক বড় পাওয়া। আমি সব করেছি বিশ্ববিদ্যালয়ের উন্নতির জন্য।’
তার বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের প্রসঙ্গে বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয় একটি চিঠি দিয়েছে। ৭৩ জন শিক্ষকের নিয়োগ বাতিল করতে বলেছে। তারা সেখানে বিষয় বিশেষজ্ঞের কথা বলছে। তবে খুকৃবির আইনে সেটা নাই। যা আইনে নেই, তা আমরা কি করে করবো। আমি তা শিক্ষা মন্ত্রনালয়কে জানিয়েছি।’ তিনি বলেন, ‘আমার পরিবাররে ৯ জনের নিয়োগ বাতিলের কথা বলা হয়েছে। অন্য বিশ্ববিদ্যালয়ের ভিসিরা তো ১৫০ জনকেও অবৈধ নিয়োগ করেছে। তাদের তো কিছু হয় না। সব ষড়যন্ত্র আবার বেলাই হচ্ছে। কারণ আমি বেশি কাজ করি। ’শিক্ষার্থীদের উদ্দোশ্যে তিনি বলেন, ‘ভালো কাজ করে যেতে হবে। আমি নিজের রান্না করেও খাই। তোমরা কোন কাজকে অসম্মান করবে না।’ শহীদুর রহমান খান ২০১৮ সালের ১১ সেপ্টেম্বর থেকে চার বছরের জন্য খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ লাভ করেন। সেই হিসেবে শনিবার ছিল তার শেষ কর্মদিবস। রোববার (১১ সেপ্টেম্বর) তিনি পূর্বের কর্মস্থল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) যোগদান করেছেন। খুকৃবি রেজিস্ট্রার ড. খ. মাজহারুল আনোয়ার বলেন, ‘বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে চিঠি পাঠানো হয়েছে। ভিসি সেখানে যোগদান করছেন।
কৃষি বিশ্ববিদ্যালয়গুলির গুচ্ছ ভর্তি পরীক্ষা ছিল তাই আমরা কোন অনুষ্ঠানের আয়োজন করতে পারেনি। ’ তবে না প্রকাশ না শর্তে বিশ্ববিদ্যালয়ের একধিক কর্মকর্তা জানান, ভিসিকে আনুষ্ঠানিক ভাবে বিদায় জানানোর জন্য সকল কর্মকর্তা ও কর্মচারীরা চাঁদা তুলেছিলেন। তবে শিক্ষকদের চাপে তারা অনুষ্ঠানের আয়োজন করেননি। এই নিয়ে কোন শিক্ষক সরাসরি সাংবাদিকদের সাথে কথা বলতে চাননি।
তবে না প্রকাশ না শর্তে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির শীর্ষ নেতারা বলছেন, ‘সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ৭৩ জন শিক্ষকের নিয়োগ বাতিলের নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রনালয়। এটা বিশ্বিবিদ্যালয়ের প্রশাসনের গাফিলাতির জন্য হয়েছে। যার কারনে সব শিক্ষকরা ভিসির বিদায় অনুষ্ঠান বর্জন করেছেন।’ এ প্রসঙ্গে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. এম এ হান্নান বলেন, ‘উপাচার্য সরাসরি আমার শিক্ষক। তার প্রতি আমার অনেক শ্রদ্ধা। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মন ভাল না থাকায় তারা অনুষ্ঠানের আয়োজন করেননি।’ তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এখন কোথাও মুখ দেখাতে পারছেন না। ঘরে বাইরে সকলে কাছে মাথানিছু হয়ে গেছে।
এটা নিয়ে আমরা শিক্ষামন্ত্রীর সাথে দেখাও করেছি।’ বর্তমানে খুকৃবিতে ১০৯ জন শিক্ষক রয়েছেন। এর মধ্যে ২০২০ সালে ৭৩ জন শিক্ষকের নিয়োগ হয়েছে। গত ৩ আগস্ট শিক্ষা মন্ত্রনালয়ের এক প্রজ্ঞাপনে ওই ৭৩ জন শিক্ষকের নিয়োগ বাতিলের নির্দেশনা দেওয়া হয়েছে। একই সাথে উপাচার্যের ৯ আত্মীয়ের নিয়োগ বাতিলেরও নির্দেশনা দেওয়া হয়েছে।
রেজিস্ট্রার ড. খ. মাজহারুল আনোয়ার বলেন, ‘শিক্ষা মন্ত্রনালয়ের চিঠির জাবাব বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দেওয়া হয়েছে। ৭৩ শিক্ষকের নিয়োগ আইন মোতাবেক হয়েছিল।’











































