Home আঞ্চলিক ভোটের একদিন আগে মেয়রপ্রার্থীর গাড়ি থেকে লাঠিসোটা উদ্ধার

ভোটের একদিন আগে মেয়রপ্রার্থীর গাড়ি থেকে লাঠিসোটা উদ্ধার

16

ঝিনাইদহ প্রতিনিধি ।।
ঝিনাইদহ পৌরসভা নির্বাচনের একদিন আগে স্বতন্ত্র মেয়র প্রার্থী কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজলের গাড়ি থেকে উদ্ধার করা হয়েছে বিপুল সংখ্যক লাঠিসোটা। আটক করা হয়েছে গাড়ির চালককে।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে জেলা শহরের পোস্ট অফিস মোড়ে এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বিজিবিসহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম নুরুন্নবী ও মো. শরিফুল হক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরে টহল দিচ্ছিলেন। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে টহল দলের স্থানীয় পোস্ট মোড় এলাকায় লাল রঙের একটি জিপের গতিবিধি দেখে সন্দেহ হয়। এ সময় জিপটি তল্লাশি করেন বিজিবি সদস্যরা।

জিপের পিছনের সিটের নীচে বিপুল সংখ্যক বিশেষভাবে তৈরি কাঠের লাঠি দেখতে পান তারা। সেগুলো উদ্ধার করা হয় এবং নির্বাচনি আচরণবিধি লংঘনের দায়ে গাড়িটি জব্দ করা হয়। আটক করা হয় জিপচালক আকমলকে। ওই জিপটি স্বতন্ত্র মেয়র প্রার্থী হিজলের।

এ ঘটনার কিছু সময় আগে শহরের আরাপপুর এলাকায় মহাসড়ক অবরোধ করে স্বতন্ত্র মেয়রপ্রার্থী হিজল সমাবেশ করা সময় বিজিবি লাঠিচার্জ করে। এতে ছত্রভঙ্গ হয়ে পড়েন হিজল সমর্থকরা।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম নুরুন্নবী জানান, প্রচারের সময়সীমা শেষ হওয়ার পরেও সড়ক অবরোধ করে সমাবেশ ছত্রভঙ্গ করে দেওয়া হয়। সমাবেশে স্বতন্ত্র প্রার্থী হিজল উপস্থিত ছিলেন।

তিনি আরও জানান, পরে হিজলের ব্যবহৃত গাড়ি থেকে বিপুল সংখ্যক লাঠিসোটা উদ্ধার করা হয়েছে। এ সময় গাড়ির চালককে আটক করা হয়েছে।

জেলা নির্বাচনী কর্মকর্তা আব্দুস ছালেক জানান, আগামী রোববার ১১ সেপ্টেম্বর পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে। শুক্রবার মধ্যরাত থেকে সকল প্রকার প্রচার প্রচারণা শেষ হয়েছে। নির্বাচন শান্তিপূর্ণ করতে ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ ৫ প্লাটুন বিজিবিকে মাঠে নামানো হয়েছে। পাড়া মহল্লায় টহল দিচ্ছেন তারা। নির্বাচনে ৪৭টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে।

প্রতিটি কেন্দ্রে প্রিসাইডিং অফিসারের পাশাপাশি আরও অতিরিক্ত ৪৭ জন নির্বাচন কর্মকর্তা পর্যবেক্ষক হিসাবে দায়িত্ব পালন করবেন। এ নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগ প্রার্থীসহ মেয়র পদে চারজন, কাউন্সিলর পদে ৬৪ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১১ সেপ্টেম্বর রোববার সকাল ৮টা থেকে ইভিএম মাধ্যমে ভোট গ্রহণ করা হবে।