Home জাতীয় ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ১৬ টাকা

১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ১৬ টাকা

16

ঢাকা অফিস।।
চলতি মাসের জন্য এলপিজির দাম নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন- বিইআরসি। নতুন নির্ধারিত দাম অনুযায়ী প্রতি ১২ কেজির সিলিন্ডারে ১৬ টাকা করে বাড়ানো হয়েছে।
বুধবার (৭ সেপ্টেম্বর) নতুন এ দাম ঘোষণা করে প্রতিষ্ঠানটি। সেখানে বলা হয়, সেপ্টেম্বর মাসে প্রতি কেজি এলপিজির দাম নির্ধারণ করা হয়েছে ১০২ টাকা ৮৮ পয়সা, যা আগস্ট মাসে ছিল ১০১ টাকা ৬২ পয়সা। আর জুলাই মাসে ছিল ১০৪ টাকা ৫২ পয়সা। সেই হিসাবে সেপ্টেম্বর মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম পড়বে ১ হাজার ২৩৫ টাকা, যা আগস্ট মাসে ছিলো ১ হাজার ২১৯ টাকা, আর জুলাই মাসে ছিল ১ হাজার ২৪২ টাকা।

চলতি মাসে অটোগ্যাসের দামও নির্ধারণ করা হয়েছে। সেখানে লিটারপ্রতি ৫৭ টাকা ৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে। যা আগস্ট মাসে ছিল ৫৬ টাকা ৮৫ পয়সা এবং জুলাই মাসে ছিল ৫৮ টাকা ৪৬ টাকা। সে হিসাবে এ মাসে গত মাসের তুলনায় অটোগ্যাসের দাম বেড়েছে লিটার প্রতি ৭ পয়সা।
অন্যদিকে বাসাবাড়িতে কেন্দ্রীয়ভাবে ব্যবহারকারীদের জন্য এলপিজির দাম বাড়ানো হয়েছে। রেটিকুলেটেড এলপিজি গ্যাসীয় অবস্থায় প্রতি লিটারের দাম আগস্টে ছিল ০ দশমিক ২১৮৬ টাকা, সেপ্টেম্বরে তা বেড়ে দাঁড়িয়েছে ০ দশমিক ২২১৪ টাকায়। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে নতুন এই দাম ঘোষণা করেন বিইআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু ফারুক।
তিনি জানান, সেপ্টেম্বর মাসের জন্য সৌদি আরামকো কর্তৃক প্রোপেন এবং বিউটেনের ঘোষিত সৌদি সিপি (কন্ট্রাক্ট প্রাইস) যথাক্রমে প্রতি মেট্রিক টন ৬৫০ মার্কিন ডলার এবং ৬৩০ মার্কিন ডলার এবং প্রোপেন ও বিউটনের অনুপাত ৩৫:৬৫ অনুযায়ী প্রোপেনের সৌদি সিপি প্রতি মেট্রিক টন ৬৩৭ মার্কিন ডলার বিবেচনায় এই দাম নির্ধারণ করেছে কমিশন।