Home আঞ্চলিক যশোরে কয়েকদিনের ব্যবধানে ৮ জনের শরীরে এইচআইভি শনাক্ত

যশোরে কয়েকদিনের ব্যবধানে ৮ জনের শরীরে এইচআইভি শনাক্ত

11

 

শহিদুল ইসলাম দইচ যশোর।।

মাত্র ৩৫ দিনের মধ্যে যশোরে ৮ জনের শরীরে এইচআইভি শনাক্ত হয়েছে।  গত তিন বছরে যশোর জেনারেল হাসপাতালের পরীক্ষা- নিরীক্ষা কেন্দ্রে মোট ১৭ জন শনাক্ত হয়। চলতি বছরে শনাক্ত হয়েছে ১০ জন।

হঠাৎ করে মানুষের দেহে এইচআইভি-এইডসের ভাইরাসের উপস্থিতি শনাক্তকে অ্যালার্মিং হিসেবে মন্তব্য করেছেন ডাক্তাররা। যশোর জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, চলতি মাসের ৪ তারিখ পর্যন্ত ৪ জন এবং আগস্টে ৪ জনের শরীরে এইচআইভি জীবাণু শনাক্ত হয়েছে। হাসপাতালের এইচটিসিতে (এইচআইভি টেস্টিং অ্যান্ড কাউন্সেলিং সেন্টার) ১৬২ জনের রক্ত ও লালা পরীক্ষায় ৮ জনের শরীরে ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। যার মধ্যে পুরুষ ৫ ও নারীর সংখ্যা ৩ জন। এদের বয়স ২০ থেকে ৫০ বছরের মধ্যে। আক্রান্তরা ভারত ও বাংলাদেশ উভয় দেশেই বসবাস করেন। ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে যশোর জেনারেল হাসপাতালে এইচটিসি চালু হয়। সে বছর শনাক্ত হয় তিন জন, পরের বছর অর্থাৎ, ২০২১ সালে ৪ জন এবং ২০২২ সালের সেপ্টেম্বরের ৪ তারিখ পর্যন্ত ১০ জন।

যশোর ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আখতারুজ্জামান বলেন, যেভাবে এইডস আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তা আমাদের জন্যে একটি সতর্ক বার্তা বা অ্যালার্মিং। যশোর জেনারেল হাসপাতালে সরকারিভাবে চিকিৎসার জন্যে থেরাপি সেন্টার নেই। খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে এ সেন্টার আছে।
তিনি জানান, সারাদেশে এইচআইভি-এইডস পরীক্ষা- নিরীক্ষায় ২৩ টি সেন্টার ও চিকিৎসাসেবা দেওয়ার জন্যে ৭টি সেন্টার রয়েছে। খুব শিগগিরই আরও ৫ টি কেন্দ্র চালু হবে, যার মধ্যে যশোর জেনারেল হাসপাতালেও একটি হবে।
০৭.০৯.২০২১