Home আঞ্চলিক মনিরামপুরে শব্দ দূষণের অভিযোগে ছাত্রলীগ কর্মীকে চেয়ারম্যানের লাঠিপেটা

মনিরামপুরে শব্দ দূষণের অভিযোগে ছাত্রলীগ কর্মীকে চেয়ারম্যানের লাঠিপেটা

8

 

মনিরামপুর (যশোর) প্রতিনিধি।।

যশোরের মনিরামপুরে মোটরসাইকেল চালিয়ে শব্দ দূষণের অভিযোগে আব্দুল্লাহ আল মামুন নামে এক ছাত্রলীগ কর্মীকে গ্রামপুলিশ দিয়ে ডেকে এনে লাঠি দিয়ে বেধড়ক মারপিট করে আটকে রাখার অভিযোগ উঠেছে হরিদাসকাটি ইউপি চেয়ারম্যান আলমগীর কবির লিটনের বিরুদ্ধে ।

মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘটে। লিটন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। বিগত ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হয়ে জয়ী হন তিনি। পরবর্তীতে দল থেকে তাকে বহিষ্কার করা হয়।

খবর পেয়ে পুলিশ আটক ছাত্রলীগ কর্মী মামুনকে উদ্ধার করে। মারপিটের ভিডিও চিত্র সন্ধ্যার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করা হলে মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়।

জানা যায়, হোগলাডাঙ্গা স্কুল মাঠে চলছিল গ্রীষ্মকালীন খেলাধুলা। এ সময় হরিদাসকাটি ইউনিয়ন ছাত্রলীগের কর্মী মামুনের বিরুদ্ধে পাশ দিয়ে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে শব্দ দূষণের অভিযোগ করেন প্রত্যক্ষদর্শীরা। এতে ইউপি চেয়ারম্যান লিটন দুইজন গ্রামপুলিশ ওয়াজেদ আলী ও রমেষ চন্দ্রকে দিয়ে মামুনকে দুপুর ১২টার দিকে ডেকে আনেন ইউনিয়ন পরিষদ ভবনে। অভিযোগ উঠেছে এ সময় পরিষদের বারান্দায় বিভিন্ন লোকজনের সামনে তাকে লাঠি দিয়ে চেয়ারম্যান বেধড়ক মারপিটের পর একটি কক্ষে আটকে রাখেন। খবর পেয়ে বিকেলের দিকে পুলিশ গিয়ে সেখান থেকে তাকে উদ্ধার করে।

ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক সবুজ বিশ্বাস জানান, মোটরসাইকেলে চালিয়ে শব্দ দূষণের অভিযোগে অন্যায়ভাবে মামুনকে ডেকে এনে অমানবিকভাকে পিটিয়েছেন চেয়ারম্যান।

অবশ্য ইউপি চেয়ারম্যান লিটনের দাবি, স্কুলে গ্রীষ্মকালীন খেলা চলাকালে বিকট শব্দ করে মামুন মোটরসাইকেল চালাচ্ছিল। এ কারণে তাকে একটু শাসন করা হয়েছে।

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-ই আলম সিদ্দিকী জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে। ঘটনার সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।