Home আঞ্চলিক সাতক্ষীরায় ইউরিয়া সারসংকটে দিশেহারা কৃষক

সাতক্ষীরায় ইউরিয়া সারসংকটে দিশেহারা কৃষক

8

 

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি।।

সাতক্ষীরার কলারোয়ায় ইউরিয়া সারের সংকট দেখা দিয়েছে। ১০ দিন ধরে এ অবস্থা চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সার না পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন হাজারো কৃষক।

উপজেলার পদয়াড়া গ্রামের কৃষক সালাউদ্দীন। তিনি এ বছর ১০ বিঘা জমিতে আমন ধান রোপণ করেছেন। তিনি বলেন, জমিতে এখন ইউরিয়া সার দেওয়া প্রয়োজন। কয়েক দিন ধরে উপজেলার সরসকাটি, খোরদো, বামনখালী, দেয়াড়া বাজারসহ বিভিন্ন বাজারে ঘুরেও সার পাননি।

উপজেলার কামারালী গ্রামের কৃষক মসিয়ার রহমানের দাবি, এবার এক মণ ধান উৎপাদন করতে অনেক খরচ হবে। একদিকে চড়া দামে মজুরি পরিশোধ করতে হচ্ছে, অন্যদিকে ডিজেলের দাম বৃদ্ধির জন্য শতকরা ২৫ আঁটি ধান শ্যালোচালকদের দিতে হবে। এখন ইউরিয়া পাওয়া যাচ্ছে না। ফসল নিয়ে দুশ্চিন্তায় আছেন তিনি।

জালালাবাদ বাজারের খুচরা সার বিক্রেতা আজিজুল ইসলামের ভাষ্য, বেশ কয়েকবার উপজেলার বিসিআইসি ডিলারের কাছে সার ক্রয় করতে গিয়ে পাননি। প্রতিনিয়ত কৃষকরা সার কিনতে এসে ফেরত যাচ্ছেন। কিছু সার অন্য উপজেলা থেকে এনেছেন ৩২ টাকা কেজি দরে।

উপজেলার সার ডিলার বিশ্বজিৎ ঘোষ জানান, এ মৌসুমে আমন, টমেটো, কুল, ড্রাগনসহ বিভিন্ন সবজি ও ফলের গাছ, ঘেরে ইউরিয়া দেওয়া হয়। সে তুলনায় ইউরিয়ার বরাদ্দ কম হওয়ায় সংকট সৃষ্টি হয়েছে। আগস্ট মাসে উপজেলায় ইউরিয়ার বরাদ্দ ছিল ৬৬০ টন; যা ২০-২২ তারিখের মধ্যেই শেষ হয়ে গেছে। তবে অচিরেই সার চলে আসবে।

হেলাতলা ইউনিয়নের ডিলার আশরাফ হোসেন জানান, এ উপজেলায় সেপ্টেম্বর মাসে সারের চাহিদা ১ হাজার টন। বরাদ্দ হয় মাত্র ৩৩৯ টন, যা গত মাসের তুলনায় অর্ধেক। ফলে এত কম সার দিয়ে কৃষকের চাহিদা মেটানো সম্ভব নয়। তিনি বলেন, রোববার সেপ্টেম্বরের বরাদ্দপত্র হাতে পেয়েছেন। মঙ্গলবার সার পাবেন বলে আশা করছেন তিনি।

অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর দাবি করেন, উপজেলায় ইউরিয়ার সংকট বলা যাবে না। রাতেই হয়তো ডিলাররা সার পেয়ে যাবেন। আগস্টে বরাদ্দ কম ছিল বলে আগেই বিক্রি হয়ে গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলী বিশ্বাস বলেন, ইউরিয়ার সংকটের কথা জানেন না। তবে রোববার তাঁর কাছে এক কৃষক এসেছিলেন এক বস্তা ইউরিয়ার জন্য। কৃষি কর্মকর্তাকে বলেছেন সেই সার ব্যবস্থা করে দিতে।