খবর বিজ্ঞপ্তি।।
খুলনা বিশ্ববিদ্যালয়ের চলমান অধিকতর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ২০০ কোটি টাকার অবকাঠামো নির্মাণ কাজের পরিদর্শন করলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন- ইউজিসির সদস্য প্রফেসর ড. মো. আবু তাহের। তিনি আজ ০৬ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন ও ট্রেজারার অমিত রায় চৌধুরী ইউজিসির সদস্যকে সাথে নিয়ে এসব অবকাঠামো নির্মাণকাজ পরিদর্শন করেন।
প্রথমে তারা নির্মাণাধীন সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান্ট পরিদর্শন করেন। পরে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর) ভবন, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল, জয়বাংলা একাডেমিক ভবন, সুলতানা জিমনেশিয়াম, মেডিকেল সেন্টার, কেন্দ্রীয় জামে মসজিদ, টিএসসি ভবন নির্মাণের কাজ সরেজমিন পরিদর্শন করেন।
ইউজিসি সদস্যকে অবহিত করা হয়, চলতি নির্মাণকাজ সম্পন্নের জন্য প্রকল্পের মেয়াদ দুই বছর বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। ফলে আগামী ২০২৪ সালের মধ্যে এসকল নির্মাণ কাজ শেষ হবে। তবে তার আগে বঙ্গমাতা হল, মেডিকেল সেন্টার, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান্টসহ আরও কয়েকটি ভবনের নির্মাণকাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে। করোনা স্থবিরতার পর এবং জ্বালানি তেলে মূল্যবৃদ্ধির ফলে নির্মাণ ব্যয়বৃদ্ধির মধ্যেও খুলনা বিশ্ববিদ্যালয়ের সকল প্রকল্পের কাজ চলমান থাকায় ইউজিসি সদস্য সন্তোষ প্রকাশ করেন এবং বর্তমান উপাচার্যের নেতৃত্বে এসব অবকাঠামো নির্মাণকাজ শেষ হলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সুবিধা বাড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে ইউজিসির সহায়তা অব্যাহত থাকবে।
এসময় অধিকতর উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. হাসানুজ্জামান, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. আব্দুর রাজ্জাক, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান, উপাচার্যের সচিব প্রিন্সিপ্যাল সায়েন্টিফিক অফিসার সঞ্জয় সাহাসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
খুবির বিএ ডিসিপ্লিনে ওবিই কারিকুলা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন (বিএ) ডিসিপ্লিনের তৈরিকৃত আউটকাম বেজড এডুকেশন (ওবিই) কারিকুলার বিভিন্ন দিক নিয়ে এক কর্মশালা আজ ০৬ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল ১০টায় শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
তিনি বলেন, পরিবর্তনশীল বিশ্বে সমাজে নতুন নতুন চাহিদার উদ্ভব হচ্ছে। একই সাথে চ্যালেঞ্জও রয়েছে। এই চাহিদা পূরণ ও চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ জনশক্তি তৈরি অপরিহার্য হয়ে উঠছে। চতুর্থ শিল্প বিপ্লবের এই পরিবর্তিত পরিস্থিতিতে ব্যবস্থাপনা শিক্ষার কারিকুলায়ও পরিবর্তন আনতে হবে। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়গুলোই মূলত দক্ষ জনশক্তি তৈরির প্রধানতম প্রতিষ্ঠান। তাই বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে সমাজের এই নতুন চাহিদা পরিবর্তনের প্রেক্ষাপট ও ভবিষ্যৎ প্রয়োজনীয়তা মাথায় রাখতে হবে। একইভাবে বৈশ্বিক ক্ষেত্রে প্রতিযোগিতায় স্থান করে নিতে হবে। এজন্য এসব দিকে লক্ষ্য রেখে এমন দক্ষ গ্র্যাজুয়েট তৈরি করতে হবে, যারা গবেষণার মাধ্যমে নতুন দিগন্ত উন্মোচন ও কর্মক্ষেত্রে নেতৃত্ব দিতে সক্ষম হয়। এ প্রেক্ষাপটে বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিল উচ্চশিক্ষা ক্ষেত্রে বিশ্বমান অর্জনে কারিকুলাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দিকের শর্তপূরণের যে উদ্যোগ নিয়েছে তা সময়োপযোগী।
উপাচার্য বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যে বিএনকিউএফ এবং বিএসি’র গাইডলাইন অনুসরণ করে ২৮টি ডিসিপ্লিন ও একটি সেন্টারের ওবিই কারিকুলা প্রণয়নের কাজ শেষ হয়েছে। এখন আরেকটি ডিসিপ্লিনের ওবিই কারিকুলা প্রণয়নের কাজ শেষ হলে এক্ষেত্রে বড় ধরনের অগ্রগতি অর্জিত হবে। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের এ অর্জনের পেছনে শিক্ষকদের আন্তরিক ভূমিকার প্রশংসা করেন। একই সাথে বিএ ডিসিপ্লিনের ওবিই কারিকুলা প্রণয়নের জন্য ডিসিপ্লিনের সকল শিক্ষকদের আন্তরিক ধন্যবাদ জানান এবং কয়েকটি পর্যবেক্ষণ ও পরামর্শ তুলে ধরেন। তিনি আশা প্রকাশ করেন যে, ২০২৩ সালে খুলনা বিশ্ববিদ্যালয় নতুন এই ওবিই কারিকুলার মাধ্যমেই শিক্ষা কার্যক্রম শুরু হবে এবং বিশ্ববিদ্যালয়ের অন্তত কয়েকটি ডিসিপ্লিন অ্যাক্রিডিটেশন লাভের জন্য আবেদন পেশ করবে। তার মধ্যে বিএ ডিসিপ্লিনও অ্যাক্রিডিটেশন লাভে সক্ষম হবে। তিনি বহিঃস্থ বিশেষজ্ঞ সদস্য পদস্থ এবং স্বনামধন্য দু’জন শিক্ষকের পরামর্শ এই কারিকুলার উৎকর্ষ সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বহিঃস্থ বিশেষজ্ঞ সদস্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. মো. আবু তাহের, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ এর উপাচার্য প্রফেসর ড. মো. শাহ আজম, ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ নূরুন্নবী এবং আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দার।
সভাপতিত্ব করেন বিএ ডিসিপ্লিন প্রধান প্রফেসর শেখ মাহমুদুল হাসান। স্বাগত বক্তব্য রাখেন ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. এস এম তৌহিদুর রহমান। সঞ্চালনা করেন সহযোগী অধ্যাপক মো. এনামুল হক। এসময় আইকিউএসির অতিরিক্ত পরিচালকবৃন্দ, সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক, অ্যালামনাই ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। পরে প্রণীত ওবিই কারিকুলার বিভিন্ন দিক নিয়ে টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হয়।











































