Home খেলাধুলা ৪৪ রানে ৫ উইকেট হারিয়েও রেকর্ড গড়া জয় অস্ট্রেলিয়ার

৪৪ রানে ৫ উইকেট হারিয়েও রেকর্ড গড়া জয় অস্ট্রেলিয়ার

9

স্পোর্টস ডেস্ক।।

 

লক্ষ্য ২৩৩। তাড়া করতে গিয়ে ৪৪ রানেই ৫ উইকেট নেই অস্ট্রেলিয়ার। এই ম্যাচে নিউজিল্যান্ডেরই জেতার কথা! কিন্তু ক্যাজালিস স্টেডিয়ামে প্রত্যাবতর্নের গল্প লিখলেন অ্যালেক্স ক্যারি-ক্যামেরন গ্রিন। পঞ্চম উইকেটে ১৫৮ রানের জুটি গড়ে অস্ট্রেলিয়াকে ম্যাচে ফেরান তারা। শেষ দিকে আবার নাটকীয়তা। ৫ রানের ব্যবধানে আউট হন ক্যারি-ম্যাক্সওয়েল-স্টার্ক। তবে জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন গ্রিন। ২ উইকেট আর ৩০ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।

ওয়ানডেতে ৫০ রানের মধ্যে ৫ উইকেট হারানোর পর সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড এখন অজিদের। আগের রেকর্ডটি ছিল কেনিয়ার। ২০০৭ সালে নাইরোবিতে কানাডার দেয়া ২৩১ রানের টার্গেট তাড়া করতে গিয়ে ৪৯ রানে ৫ উইকেট হারিয়ে বসে কেনিয়া।

তবে সাতে নামা টমাস ওডোয়োর অপরাজিত ১১১ রানের সুবাদে কেনিয়া জিতে যায় ৪ উইকেটে।

মঙ্গলবার কেয়ার্নসের ক্যাজালিস স্টেডিয়ামে ২৩৩ রানের লক্ষ্যে নেমে অধিনায়ক অ্যারন ফিঞ্চ ৫, স্টিভেন স্মিথ ১, মারনাস লাবুশেন ০ এবং মার্কাস স্টয়নিস আউট হন ৫ রান করে। সেখান থেকেই শুরু ক্যারি-গ্রিনের লড়াই। ৯২ বলে ১০ চার ও এক ছক্কায় ৮৯ রান আসে ক্যামেরন গ্রিনের ব্যাট থেকে। উইকেটরক্ষক ব্যাটার অ্যালেক্স ক্যারি ৯৯ বলে ৮ চার ও এক ছক্কায় করেন ৮৫ রান। শেষ দিকে ১৩ রানে অপরাজিত থাকেন অ্যাডাম জাম্পা। ওপেনার ডেভিড ওয়ার্নারের ব্যাট থেকে আসে ২০। বাকিদের কেউই দুই অঙ্কে যেতে পারেননি। নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট বাঁহাতি পেসার ট্রেন্ট বোল্টের। ম্যাট হেনরি ও লকি ফার্গুসন নেন ২টি করে উইকেট।

এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারে ৯ উইকেটে ২৩২ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। দলের কেউই ফিফটি ছুঁতে পারেননি। সর্বোচ্চ ৪৬ রান আসে ওপেনার ডেভন কনওয়ের ব্যাট থেকে। অধিনায়ক কেন উইলিয়ামসন ৪৫ এবং টম ল্যাথাম করেন ৪৩ রান। বল হাতে সর্বোচ্চ ৪ উইকেট নেন গ্লেন ম্যাক্সওয়েল। জশ হ্যাজলউডের শিকার ৩ উইকেট।

এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে গেল স্বাগতিক অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে দু’দল।