বিনোদন ডেস্ক।।
কোন এক শীতে হাফিজের হাত ধরে ঘর ছেড়ে পালায় জোনাকি। তার বাবা আর ভাইয়েরা লাঠিয়াল নিয়ে তাকে খুঁজেও পায় না। থানায় মামলাও করা হয়। কিন্তু ধরা পড়ে না হাফিজ-জোনাকি। পালিয়ে যায় অনেক দূরের গ্রামে! কাজ নেয় মাতবরদের খামার বাড়ি পাহারার। সারারাত মাছের খামারেই পড়ে থাকে হাফিজ। একা ঘরে জোনাকি, রাত কাটায় জোনাক পোকাদের সঙ্গে গল্প করে।
এমন গল্প নিয়েই নির্মিত হচ্ছে টেলিছবি ‘জোনাকিরা জানে শুধু’। হিমু আকরামের পরিচালনায় এর প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন শ্যামল মাওলা ও রুকাইয়া জাহান চমক। আরও আছেন শহীদুজ্জামান সেলিম, টুনটুনি সোবহান, ইকবাল হোসাইন, সঞ্জীব আহমেদ প্রমুখ।
নির্মাতা হিমু আকরাম বলেন, ‘শ্যামল এখন টিভির জন্য কাজ করে না বললেই চলে। ওয়েব খুব ব্যস্ত। তবে এই গল্পটি পড়ে সে সম্মত হয়েছে। কাজটি করছে। এটা ভালোলাগার বিষয়। আর চমকও এই সময়ের ব্যস্ত অভিনেত্রী। আমাদের গল্পটির সঙ্গে দু’জনেই মিশে গেছেন। আশা করি, দর্শকদের ভালো কিছু দেখাতে পারবো।
নির্মাতা জানান, চরিত্রের প্রয়োজনে গত তিনদিন ধরে কৃত্রিম বৃষ্টিতে ভিজে, খালের পানিতে ডুবে বেজায় কষ্ট করছেন শ্যামল-চমক। আর পুবাইলে চলছে এর শুটিং। ‘জোনাকিরা জানে শুধু’ খুব শিগগিরই প্রচার হবে চ্যানেল আইয়ে।











































