ঢাকা অফিস।।
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শহরের ২ নম্বর রেলগেট এলাকায় পুলিশের সঙ্গে দলটির নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। সংঘর্ষের ঘটনায় শুক্রবার (২ সেপ্টেম্বর) বিকালে নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান বাদী হয়ে মামলা করেন।
মামলায় আসামি হিসেবে জেলা বিএনপির শীর্ষ নেতারাসহ ৭১ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৮০০ থেকে ৯০০ জনকে।
এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আমীর খসরু বলেন, সরকারি কাজে বাধা, পুলিশের ওপর হামলা, পুলিশ বক্স ও পুলিশের গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের অভিযোগে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা করা হয়েছে।
এদিকে সংঘর্ষের ঘটনায় যুবদল কর্মী শাওন প্রধান নিহতের ঘটনায় গতকাল রাতেই অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা হয়েছে। নিহত শাওনের বড় ভাই মিলন হোসেন বাদী হয়ে মামলাটি করেন।
উল্লেখ্য, গতকাল সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নারায়ণগঞ্জে বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যু ছাড়াও পথচারী, নারীসহ গুলিবিদ্ধ হয়েছেন ২৬ জন। পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিপেটায় আহত হয়েছেন পুলিশের সদস্যসহ অর্ধশতাধিক মানুষ। এ সময় ডিআইটি বাণিজ্যিক এলাকা ও ২ নম্বর রেলগেট এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।











































