ঢাকা অফিস।।
‘মোনাজাতে বসে বাবার জন্য কী দোয়া করব, তা নিয়ে আমি দ্বিধাগ্রস্ত হয়ে যাই। একবার বলি আমার বাবাকে বেহেশত নসিব কর। আবার দোয়া করি, আল্লাহ, তুমি আমার বাবাকে ফিরিয়ে দাও। আমি জানি না, আমার বাবা জীবিত নাকি মৃত। তিন বছর ধরে বাবার জন্য কাঁদছি। কাঁদতে কাঁদতে চোখের পানি শুকিয়ে গেছে। আমি এক হতভাগ্য সন্তান।’ এই বলে কান্না করতে থাকে দশম শ্রেণির ছাত্রী আনিশা ইসলাম। তার বাবা মিরপুরের কাঠ ব্যবসায়ী ইসমাইল হোসেন ২০১৯ সালের ১৯ জুন ‘গুম’ হন। বাবার খোঁজ পাওয়ার দাবি নিয়ে সে গতকাল মঙ্গলবার তার মা নাসরিন জাহানের সঙ্গে রাজধানীর শাহবাগে এক মানববন্ধনে এসেছিল। আনিশার মতো অনেক পরিবার আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষ্যে আয়োজিত এই মানববন্ধনে অংশ নিয়ে গুম হওয়া স্বজনদের ফিরিয়ে দিতে সরকারের কাছে দাবি জানায়। মানববন্ধনের আয়োজন করেছিল গুমের শিকার হওয়া ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’।
বাবাকে খুঁজে পেতে মানববন্ধনে এসেছিল দ্বিতীয় শ্রেণি পড়ুয়া সাদিকা সরকার সাফা। ২০১৩ সালে সাফার বাবা বংশাল থানা ছাত্রদলের সহসভাপতি সোহেল যখন নিখোঁজ হন, তখন তার বয়স মাত্র তিন মাস। সাফা বলে, ‘আমি কখনোই বাবাকে দেখিনি। বাবা ফিরে এলে তাঁর হাত ধরে স্কুলে যাব।’ সোহেলের স্ত্রী নিলুফা বলেন, ‘সাফা যখন স্কুলে যাওয়া শুরু করল, তখন থেকেই বাবার কথা জিজ্ঞাসা করে। স্কুলে বন্ধুরা যখন বাবার গল্প করে, তখন ওর খুবই মন খারাপ হয়। বাবা কোথায়, আমার কাছে জানতে চায়। তখন আমি কোনো উত্তর দিতে পারি না। এই প্রশ্নের উত্তর তো আর আমার জানা নেই। তবে তার বিশ্বাস, সোহেল একদিন ফিরে আসবে।’ ২০১৬ সালে বাড্ডার বাসা থেকে রামপুরা থানা ছাত্রলীগের সভাপতি মোয়াজ্জেম হোসেন তপুকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে তুলে নেওয়া হয়। মোয়াজ্জেমের মা সালেহা বেগম মানববন্ধনে বলেন, ‘আমার সন্তান কেন গুম হলো, তা সরকারের কাছে জানতে চাই। অন্যায় করলে তার বিচার হোক। আমি এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছি। কখন মারা যাই জানি না। মারা যাওয়ার আগে একটি বার সন্তানের মুখে মা ডাক শুনতে চাই। আমার আর কোনো চাওয়া নেই।’ ২০১০ সালের ২৫ জুন ঢাকার ইন্দিরা রোড থেকে নিখোঁজ হন বিএনপি নেতা চৌধুরী আলম। লাশ ফেরত চেয়ে মানববন্ধনে তার ভাই খুরশিদ আলম বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে সাদা পোশাকে থাকা লোকজন চৌধুরী আলমকে তুলে নেন। অনেক কাকুতি-মিনতি করে বলেছি, আমার ভাইকে যদি মেরে ফেলে থাকেন, তা হলে কবর দেওয়ার জন্য লাশটা ফেরত দেন। সরকারের কাছে কিছু চাই না, কিছু চাওয়ার নেই। আমরা বিচারও চাইব না। তবু ভাইয়ের লাশটা ফেরত দেন।’
২০১৩ সালের ডিসেম্বরে পাঁচ বন্ধুর সঙ্গে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নিখোঁজ হন বিএনপি নেতা সাজেদুল ইসলাম। ‘মায়ের ডাক’ সংগঠনের সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন তার বোন সানজিদা ইসলাম। মানববন্ধনে তিনি বলেন, ‘আয়নাঘরের মতো গোপন শেল থেকে আমাদের ভাইদের বের করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হোক। যারা এ ধরনের জঘন্য কাজের সঙ্গে জড়িত, তাদের বিচারের আওতায় আনা হোক। তদন্তের ভিত্তিতে তাদের জবাবদিহির আওতায় আনা হোক।’ ২০১৩ সালে ‘গুম’ হওয়া পারভেজ হোসেনের ১১ বছরের মেয়ে আদিবা ইসলাম বলে, ‘সবাই সবার বাবার সঙ্গে স্কুলে যায়। আমিই শুধু যেতে পারি না। আমি কী বাবার সঙ্গে স্কুলে যেতে পারব? আমার কি দোষ যে আমি আমার বাবার সঙ্গে স্কুলে যেতে পারব না! প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ আমার বাবাকে ফিরিয়ে দিন।’ মানববন্ধনে মানবাধিকার সংগঠক নূর খান লিটন বলেন, গুমের শিকার হওয়া যারা ফিরে এসেছেন, তারা কোনো কথা বলছেন না।
এমন একটা পরিবেশে তারা ছিলেন, যেখান থেকে ফিরে এসে মুখ খুলতে সাহস পাচ্ছেন না। সরকারের পক্ষ থেকে এখন উদ্যোগ গ্রহণ করে নিখোঁজ ব্যক্তিদের ফিরিয়ে আনতে হবে। আর যেসব গোপন বন্দিশালার তথ্য পাওয়া গেছে, তা চিহ্নিত করতে হবে। এই বন্দিশালাগুলো যাঁরা পরিচালনা করছেন, তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার ব্যবস্থা করতে হবে। এ জন্য অবিলম্বে একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করা হোক। বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য তাবিথ আউয়াল বলেন, যেহেতু গুমের ঘটনাগুলো বারবার অস্বীকার করা হচ্ছে, সে কারণে সঠিক তদন্ত করা হোক। গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক বলেন, গুম হওয়া ব্যক্তিরা আয়নাঘরে বন্দি আছে। এ বিষয়ে সংশ্লিষ্টদের সুস্পষ্ট বক্তব্য চাই। সুস্পষ্ট বক্তব্য না পেলে সেই আয়নাঘর ঘেরাও করে বন্দিদের মুক্ত করতে হবে। এশিয়ান হিউম্যান রাইটস কমিশন জানাচ্ছে, বাংলাদেশে ২০০৯ থেকে ২০২২ এর জুন পর্যন্ত ৬১৯ জন গুমের শিকার হয়েছেন। এ সময়ে বিচারবহির্ভূত হত্যাকান্ডের শিকার হয়েছেন কমপক্ষে ২ হাজার ৬৫৮ জন।











































