খবর বিজ্ঞপ্তি।।
খুলনা বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) ডিসিপ্লিনের তৈরিকৃত আউটকাম বেজড এডুকেশন (ওবিই) কারিকুলার বিভিন্ন দিক নিয়ে এক কর্মশালা আজ ৩০ আগস্ট (মঙ্গলবার) বিকাল ৩টায় ড. সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনের সিএসই ডিসিপ্লিনের স্মার্ট ক্লাস রুমে অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
তিনি বলেন, শিক্ষা ব্যবস্থাসহ বিশ্বব্যাপী পরিবর্তনের যে ধারা সূচিত হয়েছে, সমাজের যে নতুন চাহিদা সৃষ্টি হচ্ছে, নতুন নতুন কর্মসংস্থানের প্রয়োজন হচ্ছে- এসব দিকে লক্ষ্য রেখেই দক্ষ জনশক্তি তৈরি করতে হবে। বিশেষ করে উচ্চশিক্ষা ও গবেষণায় যুগের চাহিদা পূরণের জন্য নতুন নতুন কোর্স কারিকুলা অন্তর্ভুক্তির প্রয়োজন রয়েছে। তিনি আরও বলেন, ওবিই কারিকুলা এরকমই একটি চিন্তার ফসল, যেখানে নতুন নতুন সময়োপযোগী বিষয় অন্তর্ভুক্ত করে কোর্স কারিকুলাকে বিশ্বমানে উন্নীত করা হচ্ছে। আজ এ বিশ্ববিদ্যালয়ের ২৬তম ওবিই কারিকুলা প্রণয়ন শেষ হচ্ছে। আর মাত্র ৪টি ডিসিপ্লিনের ওবিই কারিকুলা প্রণয়নের কাজ শেষ হলেই খুলনা বিশ্ববিদ্যালয় এই ক্ষেত্রে অগ্রণী অবস্থান তৈরিতে সক্ষম হবে। তিনি ইসিই ডিসিপ্লিনের ওবিই কারিকুলা প্রণয়নের জন্য ডিসিপ্লিনের সকল শিক্ষকদের আন্তরিক ধন্যবাদ জানান এবং কয়েকটি পর্যবেক্ষণ ও পরামর্শ তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দার। সভাপতিত্ব করেন ইসিই ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মো. আব্দুল আলিম। স্বাগত বক্তব্য রাখেন ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. মো. ইসমত কাদির।
এসময় বহিঃস্থ বিশেষজ্ঞ সদস্য খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইসিই বিভাগের শিক্ষক প্রফেসর ড. মো. মোস্তাফিজুর রহমান ও প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম এবং আইকিউএসির অতিরিক্ত পরিচালকবৃন্দ, ডিসিপ্লিনের শিক্ষক ও অ্যালামনাইরা উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ১০.৪৫ মিনিটে আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) এবং ফার্মেসী ডিসিপ্লিনের তৈরিকৃত আউটকাম বেজড এডুকেশন (ওবিই) কারিকুলার বিভিন্ন দিক নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
তিনি বলেন, কারিকুলা প্রণয়নের মাধ্যমে উচ্চশিক্ষা ক্ষেত্রে পরিবর্তনের একটি ধারা সূচিত হয়েছে। সময়ের সাথে সাথে এই কারিকুলাও পরিবর্তন হবে। যুগের সাথে তাল মিলিয়ে কারিকুলার পরিবর্ধন-পরিমার্জন হবে। তিনি বলেন, শুধু কারিকুলা পরিবর্তন হলেই চলবে না, শিক্ষার্থীদের থিওরি ক্লাসের পাশাপাশি সেশনাল ক্লাসও যথাযথভাবে আয়োজন করতে হবে। তিনি বিজিই এবং ফার্মেসী ডিসিপ্লিনের শিক্ষা ও গবেষণা কার্যক্রমের প্রশংসা করেন এবং ওবিই কারিকুলা প্রণয়নের জন্য সংশ্লিষ্ট ডিসিপ্লিনের সকল শিক্ষক ও বহিঃস্থ বিশেষজ্ঞ সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর খান গোলাম কুদ্দুস ও আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দার। সভাপতিত্ব করেন বিজিই ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. শেখ জুলফিকার হোসেন। স্বাগত বক্তব্য রাখেন ফার্মেসী ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মো. সাইফুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফার্মেসী ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ড. মো. মেহেদী হাসান ও বিজিই ডিসিপ্লিনের প্রভাষক মো. শামীম গাজী।
এসময় বহিঃস্থ বিশেষজ্ঞ সদস্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের শিক্ষক প্রফেসর ড. শেখ মিজানুর রহমান ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের শিক্ষক প্রফেসর মাসুম শাহরিয়ার এবং আইকিউএসির অতিরিক্ত পরিচালকবৃন্দ, ডিসিপ্লিনের শিক্ষক ও অ্যালামনাইরা উপস্থিত ছিলেন।
খুবিতে এপিএ কমিটির
সভা অনুষ্ঠিত
খুলনা বিশ্ববিদ্যালয় বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) কমিটির এক সভা আজ ৩০ আগস্ট (মঙ্গলবার) বেলা ১২টায় সাড়ে ৩টায় শহিদ তাজউদ্দীন আহমেদ ভবনের উপাচার্যের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
সভায় ২০২২-২০২৩ এর বার্ষিক কর্মসম্পাদন চুক্তি, সেবা প্রদানের ক্ষেত্রে রেজিস্টার বই চালু ও সেবাগ্রহীতার মতামত সংরক্ষণ, কর্মকর্তা/কর্মচারীদের শুদ্ধাচার, সেবা প্রদান, অভিযোগ প্রতিকার ব্যবস্থা এবং জিআরএস সফটওয়্যার, তথ্য অধিকার বিষয়ক, ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় বিষয়ভিত্তিক কর্মশালা আয়োজন, স্টেকহোল্ডারগণের সমন্বয়ে অবহিতকরণ সভা আয়োজন সংক্রান্ত অগ্রগতিসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
খুলনা বিশ্ববিদ্যালয় এপিএ কমিটির সভাপতি ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুসের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. কাজী মাসুদুল আলম, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক (চলতি দায়িত্ব) শেখ শারাফাত আলী, বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মোঃ হাসানুজ্জামান, অর্থ ও হিসাব বিভাগের উপ-পরিচালক দীপঙ্কর রায়, প্রশাসন শাখার উপ-রেজিস্ট্রার দীপক চন্দ্র মন্ডল, একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার কাকলী রহমান, সহকারী প্রোগ্রামার (আইটি) সায়রা তাসনিম রাবিতা প্রমুখ। সভা সঞ্চালনা করেন এপিএ কমিটির ফোকালপার্সন কাউন্সিল শাখার উপ-রেজিস্ট্রার এস এম আবু নাসের ফারুক।
খুবির অপরাজিতা হলের নতুন প্রভোস্ট
প্রফেসর ড. মোসাঃ সাবিহা সুলতানা
খুলনা বিশ্ববিদ্যালয়ের অপরাজিতা হলের নতুন প্রভোস্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. মোসাঃ সাবিহা সুলতানা। আজ ৩০ আগস্ট (মঙ্গলবার) কর্তৃপক্ষের নির্দেশক্রমে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস স্বাক্ষরিত এক অফিস আদেশে তাঁকে এ দায়িত্ব প্রদান করা হয়।
অফিস আদেশে উল্লেখ করা হয়, অপরাজিতা হলের প্রভোস্ট রহিমা নুশরাত রিম্মীর আবেদনের প্রেক্ষিতে তাঁকে প্রভোস্টের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। খুলনা বিশ্ববিদ্যালয় আইন ১৯৯০ এর প্রথম সংবিধির ৬(১) নং অনুচ্ছেদ অনুযায়ী তদস্থলে আগামী ৩ বছরের জন্য প্রফেসর ড. মোসাঃ সাবিহা সুলতানাকে উক্ত হলের প্রভোস্টের দায়িত্ব দেওয়া হয়।











































