শামীম খান জনী,মহেশপুর(ঝিনাইদহ)।।
ঝিনাইদহের মহেশপুর শহরের ব্যস্ততম ও জনগুরুত্বপূর্ণ সড়ক গুলোর মধ্যে মহেশপুর-যশোর হাইওয়ে সড়কটি প্রধান। শহরের হুদোর মোড় নামক স্থানে কালভার্ট ভেঙ্গে দীর্ঘ দিন যাবত রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়লেও প্রশাসনের কোন দৃষ্টি নেই। ফলে ঝুঁকি নিয়েই চলছে যানবাহন। বেশ কিছু গনমাধ্যমে সংবাদ প্রকাশ করা হলেও কোন পদক্ষেপ গ্রহণ করেননি দায়িত্ব প্রাপ্তরা। ফলে রাস্তাটি মরণ ফাঁদে পরিণত হয়েছে। এই সড়কে একটু ভুলে ঝড়তে পারে তরতাজা প্রাণ।
সরজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় কালভার্টটির প্রায় অধেকেরও বেশি ভাগ ভেঙ্গে নিচে পড়ে গেছে। কোন মতে ঝুঁকি নিয়ে কালভার্টটির একপাশ ঘেঁষে বাস, ট্রাকসহ ভারি যানবাহন চলাচল করছেন।
এলাকাবাসী জানায়, প্রায় ৬ মাস ধরে কালভার্টটি ভেঙ্গে চলাচলের অনুপযোগী হয়ে রয়েছে। বিশেষ করে সন্ধ্যার পরে অপরিচিত লোকজন ওই রাস্তা দিয়ে চলাচলের সময় দূর্ঘটনার শিকারও হচ্ছেন। প্রতিদিন কয়েক হাজার মানুষ জেলা ও উপজেলা সদরে চলাচল করা সহ স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্যও সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও সকল কাজেই এ উপজেলার মানুষকে যশোরের উপর নির্ভর করতে হয়। সামান্য অসুস্থ্য হলে এলাকার মানুষকে পাঠানো হয় যশোর হাসপাতালে। এই সড়কটিই যশোরের সাথে যোগাযোগের সহজতর একমাত্র মাধ্যম।
ফলে প্রশাসনের এমন গাফিলতিতে কালভার্টটি সংস্কার না হওয়ায় মানুষের মনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
উপজেলা প্রকৌশলী শাহারিয়া আকাশ জানান, রাস্তাটি সড়ক ও জনপদ বিভাগের যে কারনে তাদের কিছুই করার নেই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) নয়ন কুমার রাজবংশী জানান, বিষয়টি সড়ক ও জনপদ বিভাগকে জানানো হয়েছে। খুব দ্রুতই কালভার্টটি সংস্কার করা হবে।











































