Home আঞ্চলিক সরকারের প্রতি জনগণের ঘৃণার তীব্রতা বাড়ছে: যশোরে গয়েশ্বর

সরকারের প্রতি জনগণের ঘৃণার তীব্রতা বাড়ছে: যশোরে গয়েশ্বর

13

 

যশোর প্রতিনিধি।।
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে সাধারণ মানুষ ফুঁসে উঠেছে। জনগণের সেই দাবির প্রেক্ষিতে বিএনপির দেশব্যাপী আন্দোলন সফলতা পাচ্ছে। প্রতিনিয়ত জনগণের ঘৃণার তীব্রতা বাড়ছে এ সরকারের প্রতি। সেকারণে বিএনপির আন্দোলন কর্মসূচিতে এ সরকার আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে।
যশোরে দলীয় নেতাদের বাড়িঘরে হামলা, গাড়ি ভাংচুর, দলীয় কার্যালয় তছনছ ও নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও গ্রেফতারের প্রতিবাদে সোমবার এই সংবাদ সম্মেলনে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, গত ১০ দিনে দেশে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে প্রায় ১০ হাজার মামলা এবং তিন হাজারের বেশি আটক হয়েছে।
তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, তিনি যা বলেন, তা করেন না আর যা করেন, তা বলেন না। দলীয় কর্মসূচিতে বাধা দেবেন না বললেও এখন পুলিশের পাশাপাশি দলীয় ক্যাডারদের লেলিয়ে দিয়েছেন। এটি জনগণের সাথে প্রতারণার শামিল।
গয়েশ্বর বলেন, বর্তমান সরকারের চেয়ে পুলিশ আরও বেশি উৎসাহী বিএনপির নেতাকর্মীকে দমনে। তারা দুষ্টের দমন না করে বরং শিষ্টকে নিপীড়ন করছে।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, মহান স্বাধীযুদ্ধে যখন গেছি, ভাবিনি মায়ের কোলে আর ফিরবো কি না। ঠিক তেমনই গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে যদি ফিরতে পারি, তা সৌভাগ্য। আর শহিদ হলে তা আগামী প্রজন্মের কাছে দৃষ্টান্ত হবো।
শহরের লালদীঘি পাড়ে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন দলের জেলা আহ্বায়ক নার্গিস বেগম।
সংবাদ সম্মেলনে দলের জাতীয় স্থায়ী কমিটির অপর সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, এ সরকার রাতের আঁধারে এসেছে। দিনের আলোয় রাজনীতি করার সাহস নেই। সেকারণে রাতের অন্ধকারে তারা নেতাকর্মীদের উপর হামলা, তাদের বাড়িঘরে ভাঙচুর-লুটপাট চালিয়েছে।
তিনি বলেন, রাজপথেই আমরা আওয়ামী লীগকে মোকাবেলা করবো। আমাদের রেভিনিউ, জনগণের টাকায় চলা হাতিয়ার বাহিনি সরকারকে টিকিয়ে রাখতে প্রাণপণ চেষ্টা করছে। এই বাহিনির গুলিতে ভোলার রাজপথ রঞ্জিত হয়েছে আমাদের দুই ভাইয়ের।
তিনি বলেন, এ সরকার দুর্বৃত্তের দল। অন্যায়ের বিরুদ্ধে আমরা ন্যায়ের পথে রয়েছি। যারা ন্যায়ের পথে থাকে, তারা শক্তিশালী এবং জয়লাভ তারাই করে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, কেন্দ্রীয় নেতা জয়ন্ত কুন্ডু, জেলা কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট সাবেরুল হক সাবুসহ জেলা ও উপজেলা কমিটির নেতারা উপস্থিত ছিলেন।