ঢাকা অফিস।।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি না হওয়া পর্যন্ত কোনো সংলাপ হতে পারে না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
ফখরুল বলেন, দেশের রাজনৈতিক সংকট সমাধানে খালেদা জিয়ার মুক্তি না হওয়া পর্যন্ত কোনো সংলাপ হতে পারে না। এ সরকার পদত্যাগ করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের হাতে যতক্ষণ পর্যন্ত ক্ষমতা হস্তান্তর না করবে, সংসদ বিলুপ্ত না হবে, ততক্ষণ পর্যন্ত সংলাপের প্রশ্নই ওঠে না।
‘যে বুলেট শেখ হাসিনা ও শেখ রেহানাকে এতিম করেছে, খালেদা জিয়া সেই বুলেট আপনাকেও ছাড়েনি’ ওবায়দুল কাদেরের এমন বক্তব্য প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, এটা তো ভয়ঙ্কর কথা। তিনি যদি এই কথা বলে থাকেন তাহলে অবশ্যই তাকে এর জবাব দিতে হবে। কারণ, তার এই বক্তব্যে খালেদা জিয়াকে রাজনীতি ও জীবন থেকে সরিয়ে দেওয়ার ইঙ্গিত দেয়!
মির্জা ফখরুল বলেন, তিনি (ওবায়দুল কাদের) দায়িত্বশীল সরকারের মন্ত্রী। এটা প্রত্যাখ্যান করার সুযোগ নেই। তিনি যদি এই কথা না বলে থাকেন সেটাও তাকে বলতে হবে। আর যদি বলে থাকেন, তাহলে অবিলম্বে তার বিরুদ্ধে সরকারের ব্যবস্থা গ্রহণ করা দরকার।
তিনি বলেন, দেশে গুম ও বিচারবহির্ভূত হত্যার ঘটনা সরকারকে তদন্ত করার সুপারিশ করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলেট। যেটা আমরা বহুদিন ধরে বলে আসছি, অবশেষে তার সত্যতা প্রমাণ হয়েছে।
এ সময় জাতিসংঘের তত্ত্বাবধানে বাংলাদেশে গুম ও বিচারবহির্ভূত হত্যার তদন্ত ও জড়িতদের বিচার চেয়েছেন মির্জা ফখরুল।











































