স্টাফ রিপোর্টার।।
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) অপরাজিতা হলে ইলেকট্রিক সরঞ্জাম জব্দ করার নোটিশের প্রতিবাদ ও বিভিন্ন দাবিতে বিক্ষোভ করছেন হলটির আবাসিক ছাত্রীরা। মঙ্গলবার (১৬ আগস্ট) রাত ১০টার পরে ছাত্রীরা হলের তালা ভেঙে বাইরে বেরিয়ে আসেন।
এসময় তারা প্রোভেস্টের বাজে আচরণ ও হুমকির প্রতিবাদ জানান। ছাত্রীরা ‘হল আমাদের অধিকার, সুযোগ নয়’, ‘প্রভোস্ট কই, প্রভোস্ট কই, প্রভোস্টকে আসতে হবে’ স্লোগান দিতে থাকেন। রাত ১০টা ৫০ মিনিটের দিকে ঘটনাস্থলে আসেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক ও সহকারী পরিচালকরা। তারা আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তবে শিক্ষার্থীরা বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। রাত ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ছাত্রীদের বিক্ষোভ চলছিল। এদিকে, অপরাজিতা হলের শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিতে বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব হলের আবাসিক শিক্ষার্থীরাও ওই হলের ফটকে অবস্থান নিয়েছেন। তারা তালা ভেঙে বের হওয়ার চেষ্টা করছেন।
এসময় শিক্ষার্থীরা বলেন, ইলেকট্রিক রাইস কুকার সাতদিনের মধ্যে সরাতে হবে। কিন্তু আমরা একদিনের জন্যও এটি করতে দিবো না। বিভিন্ন মিটিংয়ে আমাদের বাবা মা বা পরিবার তুলেও কথা বলা হয়। আমাদেরকে বিভিন্ন সময় হুমকি দিয়ে, ভয় দিয়ে এমনভাবে দাবিয়ে রাখা হয় যে আমরা প্রতিবাদও করতে পারি না। আন্দোলনকারীরা আরও বলেন, সোসাল মিডিয়ার পোস্ট করা নিয়েও আমাদেরকে হ্যারেজ করা হয়েছে। কোনো বিষয় নিয়ে কমপ্লেইন করলেও তার সমাধান হয়না, এমন কি হল নিয়মিত পরিস্কারও করা হয়না।
ছাত্রীরা অভিযোগ করে জানান, এক সহকারী প্রভোস্ট ছাত্রীদের হুমকি দিয়ে বলে, হল তোমাদের সুযোগ, অধিকার নয়।যার সমস্যা সে হল থেকে নেমে যাও ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক মো: শরীফ হাসান লিমন বলেন আজকে যেহেতু একটি অনভিপ্রেত ঘটনা (আত্মহত্যার চেষ্টা) ঘটেছে, তার প্রেক্ষিতে হল কতৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু তিনি হয়তো শিক্ষার্থীদের সেন্টিমেন্ট বুঝতে পারেন নি। আশাকরি প্রভোস্ট আসলে সমস্যার সমাধান হবে।











































