বিনোদন ডেস্ক।।
কুরবানির ঈদে মুক্তিপ্রাপ্ত ‘পরান’ নামে একটি সিনেমার সফলতায় হাওয়ায় ভাসছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। ক্যারিয়ার এটাই তার সবচেয়ে সফল সিনেমা। এই সফলতার রেশ থাকতেই তার অভিনীত আরও একটি সিনেমা সম্প্রতি মুক্তির অনুমতি পেয়েছে। নাম ‘দামাল’। শিশু সাহিত্যিক, ইমপ্রেস টেলিফিল্ম লি. ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের গল্প অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন রায়হান রাফি।
এটি ৮ আগস্ট সেন্সর ছাড়পত্র পায়। মুক্তিযুদ্ধের সময়কার স্বাধীন বাংলা ফুটবল দলের গল্প নিয়ে সিনেমাটি নির্মিত হয়েছে। যেখানে দেখা যাবে, ফুটবল খেলে অর্জিত অর্থ মুক্তিযোদ্ধের জন্য ব্যয় করছেন এ দলটির সদস্যরা। পাশাপাশি ১৯৭১ সালে ফুটবল দল এবং বর্তমান সময়ে নারী ফুটবল দলের কিছু চিত্রের সমন্বয় দেখা যাবে এ সিনেমায়। উত্তরবঙ্গের সৈয়দপুর, রংপুরের বিভিন্ন লোকেশনে এর শুটিং করা হয়েছে।
শিগ্গির সিনেমাটি মুক্তি পাবে বলে জানিয়েছে প্রযোজনা সংস্থা ইমপ্রেস টেলিফিল্ম। এতে অভিনয় প্রসঙ্গে বিদ্যা সিনহা মিম বলেন, ‘দারুণ গল্পের একটি সিনেমা। বলতে পারি পরানের পর আরও একটি ধামাকা আসছে। সবচেয়ে বড় কথা হচ্ছে দামাল সিনেমার সঙ্গে আমাদের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস জড়িয়ে আছে। তাই এ সিনেমার প্রতি আবেগও কাজ করছে একটু বেশি।
আমার বিশ্বাস দর্শকরা এ সিনেমাটি উচ্ছ্বাস নিয়ে উপভোগ করবেন।’ সিনেমাটিতে আরও অভিনয় করেছেন সিয়াম আহমেদ, শরিফুল রাজ, সুমিত, রাশেদ অপু, সাঈদ বাবু, নাজমুস সাকিব, শাহনাজ সুমি, বৃষ্টি, অথৈ, পূজা প্রমুখ।











































