মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি ।।
৫০ বছর ধরে চলমান দুর্নীতি দুঃশাসনের বিরুদ্ধে ‘বদলে যাও বদলে দাও’ স্লোগান নিয়ে হানিফ বাংলাদেশি এখন বাগেরহাটের মোরেলগঞ্জে। সোমবার বেলা ১২টার দিকে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন হানিফ বাংলাদেশি।
এটি তার ১৩৫তম স্মারকলিপি প্রদান। তিনি ৬৪ জেলা ও ৪৯৫ উপজেলা প্রদক্ষিণ করে জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারদের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেবেন।
প্রতিদিন ৩টি উপজেলা প্রদক্ষিণ করে আগামী ২০২৩ সালের জানুয়ারি মাসে পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলায় গিয়ে কর্মসূচি সমাপ্ত করবেন হানিফ বাংলাদেশি।
কর্মসূচি সম্পর্কে হানিফ বাংলাদেশি বলেন, সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার সর্বক্ষেত্রে সামাজিক পারিবারিক মানবিক মূল্যবোধ চরম অবক্ষয় চলছে, ভোট গণতন্ত্র আইনের শাসনের ওপর পূর্বের সরকারে যারা ছিলেন সেই সময়েও নগ্ন হস্তক্ষেপ হয়েছে, ঘুস-দুর্নীতি অর্থপাচার হয়েছে, সামাজিক মানবিক পারিবারিক মূল্যবোধর অবক্ষয় পূর্বেও ছিল এখন আরও চরম আকার ধারণ করেছে। আমাদের দেশের কৃষক উৎপাদনশীল, শ্রমিকরা পরিশ্রমী, ছাত্র-যুবকরা মেধাবী কিন্তু দুর্বৃত্তায়িত রাজনীতি আমাদের সব অর্জনকে ব্যাহত করছে।
তিনি বলেন, এত সম্ভাবনা থাকার পরেও দেশ যতটুকু এগিয়ে যাওয়ার কথা ততটুকু এগিয়ে যাচ্ছে না। দেশে অবকাঠামোগত অনেক উন্নয়ন হচ্ছে কিন্তু মানবিক মূল্যবোধের পতন হচ্ছে। আশাকরি সম্ভাবনাময় এই অগ্রযাত্রা এগিয়ে নিতে এবং চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ঘুস, দুর্নীতি ও অর্থপাচার বন্ধে কার্যকর ব্যবস্থা ও পাচারকৃত অর্থ ফেরত এনে যুবকদের মাঝে আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে সহজ শর্তে ঋণ ও কর্মসংস্থানের ব্যবস্থা করা, ভোট গণতন্ত্র আইনের শাসনের মান উন্নয়নে আরও যথাযথ ব্যবস্থা গ্রহণ করলে বাংলাদেশ বিশ্বে একটি আত্মমর্যাদাশীল দেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে।
হানিফ বাংলাদেশি আরও বলেন, আমি দেশের নানা অসঙ্গতি নিয়ে সব সময় প্রতিবাদ করে থাকি। এর আগেও ঢাকা শহরসহ দেশের জনবহুল স্থানে পাবলিক টয়লেট স্থাপনের আন্দোলন করেছি। ২০১৩- ২০১৪ সালে দেশে যখন জ্বালাও-পোড়াও শুরু হয় তখন দুই নেতৃত্ব বরাবর স্মারকলিপি দিয়েছি। ২০১৯ সালের মার্চ মাসে ভোটাধিকারের দাবিতে টেকনাফ থেকে তেঁতুলিয়া হেঁটে পদযাত্রা করেছি, ২০২০ সালে সর্বগ্রাসী দুর্নীতির বিরুদ্ধে ৬৪ জেলা প্রদক্ষিণ করে জেলা প্রশাসক অফিসে স্মারকলিপি দিয়েছি।
তিনি বলেন, ২০২০ সীমান্ত হত্যা বন্ধের দাবিতে প্রতীকী লাশ নিয়ে পদযাত্রা করেছি। ২০২১ সালে দেশব্যাপী মার্চ ফর ডেমোক্রেসি গণতন্ত্রের জন্য গণস্বাক্ষর সংগ্রহ করছি। ২০২১ সালে নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নের দাবিতে মাথায় ভোটের বাক্স নিয়ে ৬৪ জেলা প্রশাসকদের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দিয়েছি। এখন ৫০ বছর ধরে চলমান দুর্নীতি-দুঃশাসনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়ার উদ্যোগ নিয়ে এ কর্মসূচি শুরু করেছি। আমার এ কর্মসূচিতে দেশবাসী, আইনশৃঙ্খলা বাহিনী ও সাংবাদিক ভাইদের সার্বিক সহযোগিতা কামনা করছি।











































