Home আঞ্চলিক যশোরের আদালতে স্ত্রীকে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

যশোরের আদালতে স্ত্রীকে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

8

যশোর অফিস।।

যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে ১৮ বছর পর স্বামী ওসমান আলীকে মৃত্যুদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন যশোরের আদালত। সোমবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক নীলুফার শিরিন এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত ওসমান আলী ঝিকরগাছার দিঘড়ি গ্রামের আক্কাজ আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিশেষ পিপি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান মুকুল।

অভিযোগে জানা গেছে, যশোরের ঝিকরগাছার সোনাকুড় গ্রামের সন্তোষ আলীর মেয়ে রাশিদা খাতুনকে বিয়ে করেন আসামি ওসমান আলী। একটি সন্তানের জন্মের পর থেকে ওসমান যৌতুকের দাবিতে রাশিদার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতে শুরু করে। ২০০৪ সালের ৭ মার্চ রাতে ওসমান আলী বাড়িতে কয়েকজন বন্ধু নিয়ে আসে। গভীর রাত পর্যন্ত তারা আনন্দ ফূর্তি করে। পরদিন সকালে রাশিদার লাশ ঘরে ফেলে স্বামী ওসমানসহ অন্যরা পালিয়ে যায়।

পরিবারের লোকজন সংবাদ পেয়ে ওসমান আলীর বাড়িতে আসেন। এ ঘটনার ৫ দিন পর নিহতের বাবা সন্তোষ আলী বাদী হয়ে ওসমান আলীসহ ৫ জনকে আসামি করে ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন।

আসামিরা হলেন- দিঘড়ি গ্রামের বাসিন্দা নিহতের স্বামী ওসমান আলী, সাবুলের ছেলে কুতুব আলী, রজবালীর ছেলে ফজর আলী, আব্দুল খালেকের ছেলে সাদেক আলী ও আব্দুল্লাহ গাজীর ছেলে মাহাবুবুর রহমান ওরফে কালু।

আদালতের আদেশে ওই বছরের ৩ মে ঝিকরগাছা থানায় নিয়মিত মামলা হিসেবে রুজু হয়। এ মামলার তদন্ত শেষে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার অভিযোগ পাওয়ায় ওই বছরের ৪ জুলাই নিহতের স্বামী ওমসান আলীকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা এসআই হাবিবুর রহমান।

চার্জশিটে অপর ৪ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের অব্যাহতির আবেদন জানানো হয়।

দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে আসামি ওসমান আলীর বিরুদ্ধে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দেন। ওসমান আলী পলাতক আছেন।