দাকোপ (খুলনা) প্রতিনিধি ।।
ভরা মৌসুমেও খুলনার দাকোপে বিভিন্ন নদীতে দেশের জাতীয় মাছ ইলিশের আকাল দেখা দিয়েছে। এতে এদিকে যেমন রূপালী ইলিশের স্বাদ ভুলতে বসেছেন এলাকার জনসাধারণ অন্যদিকে বিকল্প কর্মসংস্থান না থাকায় উপজেলার হাজারো জেলে পরিবার মানবেতর জীবন যাপন করছেন।
উপজেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, পৃথক ৩টি দ্বীপের সমন্বয় গঠিত এই উপজেলার চারপাশে নদী দিয়ে পরিবেষ্টিত। এঅঞ্চলের অধিকাংশ মানুষ এক সময়ে মৎস্য আহরনের মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন। আর এ মৎস্য আহরনের অভয়ারণ্য ছিল উপজেলার উল্লেখযোগ্য ঢাকী, ভদ্রা, শিপসা, কাজীবাছা, মাঙ্গা, পশুর ও ঝপঝপিয়া নদী। বর্তমানে বিভিন্ন এলাকার প্রায় সহস্রাধিক জেলে পরিবার এই পেশার উপর নির্ভরশীল। এসব জেলেরা বিভিন্ন এনজিও থেকে ঋণ ও মহাজনের দাদন নিয়ে জাল নৌকা কিনে অনেকে নদীতে নেমেছেন। কিন্তু দিনরাত নদীতে জাল ফেলেও ইলিশ না পেয়ে তারা নিরাশ হয়ে বাড়ি ফিরছেন। এমনকি ভরা মৌসুমেও ইলিশের দেখা পাচ্ছেন না এসব জেলেরা। যে কারনে উপজেলার বিভিন্ন হাট-বাজারেও ক্রেতাদের সাথে ইলিশের দেখা মিলছে খুব কম। মাঝে মধ্যে দুই একজন জেলের জালে দুই একটি মাছ ধরা পড়লেও বাজারে তার দাম আগুনের মত। যা সাধারন মানুষ কিনে খেতে পারছেন না। এনজিও ঋনের কিস্তি পরিশোধ করতে না পারায় তাদের সাথে প্রায়ই বাক-বিতন্ডায় জড়িয়ে পড়ছেন। মাঝে মধ্যে আবার আত্মগোপন করেও থাকতে হচ্ছে অনেক জেলেকে। অন্য কোন আয়ের উৎস্য না থাকায় বেকার হয়ে পড়েছেন উপজেলার এসকল জেলে পরিবারগুলো। জেলেদের পরিবারের সদস্যরা প্রায়ই অনাহারে অর্ধহারে দিন কাটাছেন। এতে জেলেরা অর্থ কষ্টে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। আবার সাধারন মানুষও রূপালী ইলিশ মাছের স্বাদ প্রায় ভুলতে বসেছেন। এদিকে দীর্ঘদিন ইলিশের দেখা না পেয়ে ইতি মধ্যে এ পেশা ছেড়ে কেউ কেউ আবার অন্য পেশা শুরু করে সংসার চালাছেন। সরকার সহজ শর্তে ঋণ দিলে তাদের কিছুটা মাথা গোজার ঠাই হতো বলেও এসব জেলেরা জানান।
পশুর নদীর জেলে উপজেলার চালনা এলাকার শিশির বিশ^াস জানান, তার একমাত্র পেশা ইলিশ মাছ ধরা। চলতি মৌসুমে মহাজনের কাছ থেকে দাদন নিয়ে জাল এবং নৌকা কিনেছেন। কিন্তু ভরা মৌসুমেও নদীতে ইলিশ মাছ তেমন একটা না আসায় জাল ফেলতে যেতে পারছেন না। তবে তিনি প্রস্তুতি নিচ্ছেন বলে জানান। এতে অভাব অনাটনে তাদের ৪টি পরিবার অনেক কষ্টে দিনাতিপাত করছেন বলে জানান।
মাছ বাজারে এ প্রতিবেদকের কথা হয় সমির সরদার নামে এক ক্রেতার সাথে। তিনি বলেন স্থানীয় নদীর ইলিশের স্বাদ বেশি বিধায় মাছ কিনতে এসেছেন। কিন্তু না নিরাশ হয়ে বাড়ি ফিরছেন।
চালনা বৌমার গাছতলার মাছ বাজারের ব্যবসায়ী হালিম শেখ, জাহিদুল শেখ জানান, স্থানীয় নদীর ইলিশ তেমন একটা বাজারে আসছে না। যা দুই একটা আসছে তা আকারে ছোট এবং ৮০০ থেকে ৯০০ টাকা কেজি দরে বিক্রি করছেন। তবে তারা খুলনা থেকে বরিশালের মাছ এনে বিক্রি করছেন। এক কেজি ওজনের ইলিশ ১২০০ থেকে ১৪০০ টাকা আর আধা কেজির মাছ ৭০০ থেকে ৮০০ টাকা দরে।
এব্যাপারে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান বলেন, সাগরে তো অনেক ইলিশ মাছ ধরা পড়ছে। বৃষ্টি অত্যন্ত কম এবং মিষ্টি পানির অভাবে এ ছাড়া স্থানীয় নদী পলি পড়ে ভরাট হওয়ায় এবং নদীর মুখে বিভিন্ন কারণে বাধা প্রাপ্ত হওয়ায় মাছ উঠতে পারছে না।











































