ইলিয়াস হোসেন, তালা(সাতক্ষীরা)।।
বর্ষা মৌসুমের শেষের দিকে এসেও বৃষ্টির অভাবে ভুগছে সাতক্ষীরার তালার কৃষকেরা। শ্রাবণের মাঝামাঝি সময়ে সরেজমিনে কৃষি জমি ঘুরে দেখা যায়, কৃষকেরা ভ্যানযোগে অর্ধশুষ্ক ও পরিপক্ব পাট নিয়ে ছুটছে দূরের কোনো খালে জাগ দিতে, আমন ধানের বীজতলা অনাবৃষ্টিতে চৌচির হয়ে গেছে, ভরা বর্ষায় কোনো খাল-বিলে পানি নেই, তাই পাট জাগ দেওয়ার (পচানোর) পানি নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছেন কৃষকরা। পাশাপাশি আমন ধানের চাষ নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন তারা।
তালা উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা যায়, এবছর তালা উপজেলায় নয় হাজার ছয়শ পাঁচ হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে এবং পাট চাষ হয়েছে তিন হাজার পঞ্চান্ন হেক্টর জমিতে।
তালার শাহাপুর গ্রামের কৃষক ওবায়দুল মোল্লা জানান, বর্ষাকালে এমন অনাবৃষ্টি আগে কখনও দেখিনি। খালে বিলে কোথাও পানি নেই। পাট কোথায় জাগ দেব এটা নিয়েই চিন্তা। এখনও যদি বৃষ্টি না হয় তাহলে কপোতাক্ষের পানি খালে ঢুকিয়ে পাট জাগ দিতে হবে। উপজেলা কৃষি অফিস থেকে যদি এমন কিছু করে দেয় তাহলে কৃষকরা বেঁচে যাবে।
বারুইহাটি গ্রামের হায়বাত আলী সরদার জানান, অল্প কিছু জমিতে ধান লাগায় আমি । কিন্তু এবার বৃষ্টির অভাবে তাও কী হবে বলা যাচ্ছে না। জমিতে বোরিং থাকলেও ব্লকের মত আমন ধান করার জন্য তো সেই প্রস্তুতি থাকে না। এখন কী হবে তা কে জানে!











































