Home জাতীয় ‘আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে’

‘আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে’

17

ঢাকা অফিস।।

রাজপথের আন্দোলনে সরকারের পতন ঘটানো হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ আন্দোলনে জনগণের অধিকার আদায় করা হবে বলেও জানান তিনি।

দেশে বিদ্যুৎ সংকটের প্রতিবাদে শুক্রবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৯টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ শুরু করছে ঢাকা মহানগর উত্তর বিএনপি। সকাল থেকেই সেখানে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্যাহ আমানের সভাপতিত্বে ও সদস্যসচিব আমিনুল হকের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, সারাদেশে নজিরবিহীন লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার জন্য বর্তমান সরকারই দায়ী। তারা এত দিন মানুষকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করেছে। এখন বিদ্যুৎ ঘাটতিতে সরকারের আসল চেহারা বের হয়ে গেছে।

 

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। নির্বাচন কমিশনও বলতে বাধ্য হচ্ছে, একটি রাজনৈতিক পরিবেশ সৃষ্টি না হলে এবং সব দলের অংশগ্রহণ নিশ্চিত না হলে নির্বাচন সুষ্ঠু হবে না। জনগণের অধিকার আদায়ে রাজপথের আন্দোলনে সরকারের পতন ঘটানো হবে।

এদিকে বিএনপির সমাবেশের কারণে প্রেসক্লাবের সামনের সড়ক বন্ধ হয়েছে। এছাড়া আশপাশের বিভিন্ন সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। ফলে সদরঘাট, যাত্রাবাড়ী, সায়েদাবাদ, মতিঝিল থেকে ছেড়ে আসা গণপরিবহনগুলোকে বিকল্প সড়ক ব্যবহার করতে হচ্ছে।