স্টাফ রিপোর্টার।।
খাবারের খোঁজে সুন্দরবনের গ্রামগুলোতে প্রায়ই হানা দিচ্ছে বাঘ। যদিও সুন্দরবনের বাংলাদেশ অংশ যুগ যুগ ধরে বাঘের সবচেয়ে বড় অভয়ারাণ্য হিসেবে গণ্য হয়ে আসছে। কাঠ সংগ্রহ, মধু আহরণসহ নানা কারণে বনে মানুষের অবাধ যাতায়াত এবং হরিণসহ বন্যপ্রাণী শিকার পাল্টে দিয়েছে আগের সে বাস্তবতা।
এই অবস্থায় বাঘসহ সুন্দরবন রক্ষায় মানুষের যাতায়াত বন্ধ করা জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাই অস্তিত্ব নিয়ে শঙ্কার মধ্যেই পালিত হচ্ছে বিশ্ব বাঘ দিবস।
এ বিষয়ে খুলনার সুন্দরবন একাডেমির পরিচালক ফারুক আহমেদ বলেন, আমরা যদি সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ করতে চাই, সুন্দরবনকে আগামী প্রজন্মের জন্য ধরে রাখতে চাই, তাহলে বাঘকে সংরক্ষণ করতে হবে, বাঘকে বাঁচিয়ে রাখতে হবে।
‘কিন্তু বাংলাদেশসহ সারাবিশ্বে বাঘের প্রতি যে অত্যাচার নির্যাতন, এটিকে বন্ধ করতে হবে,’ বলেন তিনি।
হলুদ আর কালো ডোরাকাটার নিখুঁত কারুকার্য সব প্রাণীর চেয়ে ভিন্নরকম এক বিশেষত্ব এনে দেয় প্রাণীটিকে। নিজ চারণভূমিতে এমন রাজদর্পে চলাচল যেন তারই প্রমাণ। প্রাণিটির এমন বিশেষত্বের কারণে ২০১০ সাল থেকে দেশে দেশে ২৯ জুলাই পালিত হয় বিশ্ব বাঘ দিবস। প্রতি বছরই অঙ্গীকার করা হয় মহাবিপন্ন এই প্রাণিটিকে টিকিয়ে রাখা এবং সংরক্ষণের।
প্রায় ১০ হাজার বর্গকিলোমিটারের পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন। যার প্রধান বৈশিষ্ট আর অস্তিত্বের স্বারক রয়েল বেঙ্গল টাইগার। সবশেষ ২০১৮ সালের জরিপ বলছে, বাংলাদেশের সুন্দরবন অংশে বাঘের সংখ্যা ১০৬ থেকে বেড়ে ১১৪টি হয়েছে।











































